ভুল সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল সমীকরণ
ভুল সমীকরণ

ছোটবেলায় ফেলুদা, মাসুদ রানা আর শার্লক হোমসের পোকা ছিলাম। অ্যাডভেঞ্চার পড়তে পড়তে অল্পবিস্তর গোয়েন্দাগিরিতেও ঝুঁকেছিলাম। একবার আমাদের বাসার কাজের মেয়ে কাউকে না জানিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তিন দিনেও তার কোনো খোঁজ মেলে না। বাড়িতে হইচই পড়ে যায়। সংবাদ পেয়ে মেয়েটির বাবা-মা আমাদের বাড়িতে এসে আহাজারি শুরু করে দেয়। হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, রেলস্টেশন প্রভৃতি জায়গায় অনুসন্ধান চালিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে আমি গম্ভীর ভাব নিয়ে মোটা একটা খাতা হাতে ঘোরাঘুরি শুরু করি। কাজে সহায়তার জন্য ছোট মামাকে (প্রায় সমবয়সী হওয়ায় কিছু সুবিধাও ছিল) সঙ্গী হিসেবে নিই। গোয়েন্দাগিরিতে সহকারী ছাড়া কি চলে! মামার কাজ হলো, আমি যা বলব তাতে মাথা ঝাঁকিয়ে সায় দেওয়া। অনেক খেটেখুটে, রাতের ঘুম নষ্ট করে মেয়েটির সম্ভাব্য তিনটি ঠিকানা ধরিয়ে দিই। দুই-তিন নম্বরে যেতে হলো না। আমার এক নম্বর তিরটাই লেগে যায়। সপ্তাহ খানেক আগে মহল্লায় আসা যাত্রাদলের সঙ্গে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়! তাকে পাওয়ায় সবচেয়ে বিস্মিত এবং খুশি মানুষটি যে আমিই ছিলাম তা বলার অপেক্ষা রাখে না।
এবারের শরতের আকাশ বড় বেশি অভিমানী। আকাশজুড়ে ঘনকালো মেঘের ইতস্তত সন্তরণ। যখন-তখন ঝুম বৃষ্টি। পুরোনো শহরটাকে নতুন করে চেনার সুযোগ হচ্ছে কর্মক্ষেত্রের সৌজন্যে। অফিস থেকে বের হওয়ার সময়ের ক্ষেত্রে পাওয়া শিথিলতাটা ব্যয় হচ্ছে ঘুরেফিরে শহর দেখার কাজে। এ সময়ে আমাকে সঙ্গ দেয় আমার বয়সে ছোট কিন্তু বন্ধুপ্রতিম তানিম। স্থানীয় হওয়ায় নগরের প্রতিটি কোণ ওর নখদর্পণে। কিছু দূর হাঁটলে ঘরোয়া ধরনের একটা রেস্তোরাঁ চোখে পড়ে। খাবারের মান আহামরি না হলেও পরিবেশের জন্যই ওখানে রোজ গিয়ে বসি। আমি আর তানিম যে টেবিলটায় বসি তার উল্টোদিকের টেবিলে একটি মেয়ে প্রায়ই এসে বসে। বেশির ভাগ সময়ই একা। মেয়েদের সৌন্দর্য আমার ভেতরে একধরনের ভীতির সঞ্চার করে। কিন্তু অবাক ব্যাপার, এ মেয়েটি যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও তেমনটি ঘটছে না। তার সঙ্গে কথা বলার ব্যাকুলতা অনুভূত হচ্ছে। তবে কি আমি...? দূর! বরং মেয়েটিই আমার আকর্ষণে রোজ এখানে আসে!
আমার জীবনের অন্য এক অধ্যায়ের উন্মেষলগ্নে প্রি-রিকগনিশনে তিনটা সমীকরণ দাঁড় করাই। যার কোনোটাতেই তার প্রতি আমার দুর্বলতার উল্লেখ নেই! তবে তার সঙ্গে ইতিবাচক কিছু একটা ঘটতে চলেছে, এ ব্যাপারে নিঃসন্দিহান হয়ে পরদিন তানিমকে ছাড়াই হাজির হই রেস্টুরেন্টে। মেয়েটি তখন সেখানেই। ‘হূদয়ের কথা বলিতে ব্যাকুল’ হলে বোধ হয় এমনটিই হয়! কিছুক্ষণ পর মেয়েটি খোলা চুল দুলিয়ে সন্তর্পণে আমার সামনে বসে। ‘মেঘ না চাইতেই বৃষ্টি’ কী জিনিস তা বেশ টের পাচ্ছি। মেরুদণ্ড সোজা করে বসি। নতুন কেনা দামি পারফিউমের গন্ধ এখনো শার্টে রয়ে গেছে। মেয়েটি বেশ সাবলীলভাবে বলতে থাকে, ‘আপনি তানিমের বড় ভাইয়ের মতো। ও আপনাকে খুব পছন্দ করে। আমাদের সম্পর্ক প্রায় তিন বছরের। রোজ ও আমাকে আসতে বলে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবে বলে। কিন্তু শেষমেশ আর সাহসে কুলায় না। তাই আজি আমিই...।’ কথাগুলো একনাগাড়ে বলে মেয়েটি আর অপেক্ষা করে না। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। বাইরে বিকেলের মায়াবী রোদ। সেদিকে তাকিয়ে নিজের জন্য মায়া অনুভব করি।
সোহেল নওরোজ, বাংলাদেশ ব্যাংক, খুলনা