ভুলাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড যানজট! ভিড় ঠেলে বাসে উঠে দেখি মহিলা আসনে এক ভদ্রলোক (!) বসে আছে। আমি তাকে বিনয়ের সঙ্গে বললাম, ‘ভাই, আমাকে বসতে দেন।’ ভদ্রলোক আমার কথা না শোনার ভান করে খুব উদাস হয়ে কী যেন ভাবতে লাগল! ভাব দেখে মনে হলো, চিন্তা করে করে দেশ-জাতি-অর্থনীতি থেকে শুরু করে পুরো সৌরজগৎ উদ্ধার করে ছাড়বে। দ্বিতীয়বারও একই কথা বললাম। এবার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ‘আমি উঠলে বসবেন।’ মেজাজের পারদ ধাই করে এক শ পাঁচে উঠে গেল! রেগেমেগে বললাম, ‘ঠিক আছে, আমি এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাই, ড্রাইভার ব্রেক করুক, আমি পড়ে যাই; তারপর আপনি নামবেন আর আমি বসব? একে তো বসেছেন মহিলা সিটে...।’ বাসের ড্রাইভার আমার কথা শেষ করতে না দিয়ে বললেন, ‘আসলে খাবারে আয়োডিন কমে গেলে নাকি বুদ্ধি-বিবেক লোপ পায়!’ লোকটা ড্রাইভারের কথায় তিড়িক করে উঠে দাঁড়াল, আমি কিছু না বলে বসে পড়লাম। কিছুক্ষণ পর এক স্টপেজে আমার পাশে বসা ভদ্রমহিলা নেমে গেলেন। সঙ্গে সঙ্গে সিটটা দখল করলেন ওই ভদ্রলোক। কপাল কী খারাপ! বসতে না বসতেই বাসের গেটে পা দিলেন আরেক মহিলা! ততক্ষণে ভদ্রলোক এক লাফে মহিলা আসন ছেড়ে বাসের মাঝখানে চলে গেছেন!