ভুলে ভরা পাবনার জেলা তথ্য বাতায়ন
পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি বদলি হয়েছেন দুই বছর হলো। সিভিল সার্জন খায়রুল আলম চৌধুরী অবসরে গেছেন এক বছর আগে। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন পাবনা ছেড়েছেন প্রায় এক বছর।কিন্তু ইন্টারনেটে পাবনা জেলার তথ্য বাতায়নে (ওয়েবসাইট) গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁদের নাম ও ছবি পাওয়া গেছে। ব্যবহারকারীদের অভিযোগ, নামকাওয়াস্তে চলছে জেলা তথ্য বাতায়ন ওয়েবসাইট (www.dcpabna.gov.bd)। অসংখ্য ভুল তথ্যে ভরা এর অধিকাংশ পাতা। ফলে বিব্রতকর অবস্থায় পড়ছেন ব্যবহারকারীরা। জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইটে আরও দেখা গেছে, জেলার চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হিসেবে আবদুল মজিদের নাম রয়েছে, যিনি এখন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক পদে কর্মরত। একইভাবে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা অন্য জেলায় চলে গেলেও তাঁদের নাম পরিবর্তন হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পদে রয়েছে মো. ছানাউল্লাহ মিয়ার নাম ও ছবি। কিন্তু বর্তমানে দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে ওয়েবসাইটে নাম ও ছবি রয়েছে দিলরুবা খাতুনের। অথচ পদটিতে দায়িত্ব পালন করছেন একরামুল হক। অন্যদিকে এই বিভাগের উপজেলা শিক্ষা কর্মকর্তার ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদে তথ্য তালিকায় উপজেলা চেয়ারম্যানদের নাম নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাত মাস পেরিয়ে গেলেও এখনো ওয়েবসাইটে পুরোনো চেয়ারম্যানদের নাম রয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘নিবাস চন্দ্র মাঝির পর আরও একজন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরও পরে আমি এসেছি। বিষয়টি দুঃখজনক ছাড়া কিছু বলার নেই।’ এ প্রসঙ্গে পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সত্যি দুঃখজনক। আমি সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের ওয়েবসাইটটি হালনাগাদ করার নির্দেশ দিচ্ছি।’ — পাবনা অফিস