ভুলোমনাদের জন্য ব্রিংআর

ছুটোছুটি বা তাড়াহুড়োতে বাইরে যেতে গিয়ে কোনো না কোনো জিনিস প্রায়ই ভুলে যান? গাড়িতে ওঠার পরও কিছুতেই মনে হয় না সঙ্গে কোন দরকারি জিনিসটি নিতে ভুলে গেছেন। আপনার এই ভুলো মনকে সাহায্য করতে নতুন একটি প্রযুক্তিপণ্য বাজারে আনার কথা ভাবছেন মার্কিন উদ্যোক্তারা।
দরকারি জিনিস সঙ্গে নেওয়া হয়েছে কিনা তা মনে করিয়ে দেবে ‘ব্রিংআর’ নামের একটি প্রযুক্তিপণ্য। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিংআর ব্লুটুথ প্রযুক্তি নির্ভর যা গাড়িতে ঢোকার পর স্ক্যান করে ভুলে যাওয়া পণ্যটি সম্পর্কে নোটিফিকেশন পাঠাতে পারে। এটি মূলত গাড়িতে ব্যবহারের একটি পণ্য। যে ব্যাগের সঙ্গে ব্রিংট্যাগ নামের একটি বিশেষ ট্যাগ যুক্ত করা থাকবে সেই ব্যাগটি স্ক্যান করতে পারবে ব্রিংআর। ব্রিংআর প্রযুক্তি স্মার্টগ্লাসের সঙ্গেও কাজ করবে। গাড়িতে স্মার্ট-গ্লাস পরে ঢুকলেও গাড়ির ভেতরে গিয়ে ভুলে যাওয়া পণ্যটি সম্পর্কে জানা যাবে। এই প্রযুক্তিপণ্যটির দাম পড়বে ৩০ মার্কিন ডলারের কাছাকাছি। এটি চালাতে আলাদা করে ব্রিংট্যাগও কিনতে হবে।