ভুয়া খবর ঠেকাতে উইকিট্রিবিউন

ভুয়া খবর ঠেকাতে ‘উইকিট্রিবিউন’ নামে নতুন এক অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম চালুর কথা জানিয়েছেন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। পেশাদার সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের কাজের সমন্বয়ে পরিচালিত হবে এই সংবাদমাধ্যম।
সম্প্রতি উইকিট্রিবিউনের পরীক্ষামূলক ওয়েবসাইট (www.wikitribune.com) চালু হয়েছে। এতে লেখা হয়েছে, ‘সংবাদ সরবরাহ ব্যবস্থা ভেঙে গেছে আর আমরাই এটি ঠিক করতে পারব।’ সেখানে উইকিট্রিবিউনের স্লোগান উল্লেখ করা হয়েছে ‘এভিডেন্স বেজড জার্নালিজম’ অর্থাৎ প্রমাণনির্ভর সাংবাদিকতা।
উইকিট্রিবিউনে বিনা মূল্যে খবর তো মিলবেই, সংবাদমাধ্যমটিও হবে বিজ্ঞাপনমুক্ত। উইকিমিডিয়া ফাউন্ডেশনের অধীনে এটিও উইকিপিডিয়ার মতো সমর্থকদের নিয়মিত অনুদানের ওপর নির্ভর করে চলবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি ওয়েলস বলেন, ‘আমি মনে করি, আমরা এখন এমন এক বিশ্বে আছি যেখানে মানুষ আমাদের কাছে বাস্তবভিত্তিক তথ্য আছে কি না তা নিয়ে খুবই উদ্বিগ্ন। তাই আমি মনে করি, তাদের কাছে এর চাহিদা থাকবে।’
প্রতিবেদন নির্ভুল রাখতে জনসাধারণের ওপর নির্ভর করতে হবে প্রতিষ্ঠানটিকে। এতে লেখার পাশাপাশি লেখককে সূত্রও নিশ্চিত করতে হবে। বলা হচ্ছে, বিশ্বাসযোগ্য ও প্রকৃত সংবাদ প্রকাশের জন্য লেখকদের সব ধরনের লেখা উইকিট্রিবিউনের স্বেচ্ছাসেবকেরা প্রথমে সম্পাদনা করবেন এবং পরে প্রকাশ করা হবে। উইকিট্রিবিউনের কোনো নিবন্ধে পরিবর্তন আনতে চাইলে স্বেচ্ছাসেবক বা প্রতিষ্ঠানটির অনুমোদিত কোনো ব্যক্তির মাধ্যমে তার অনুমোদন পেতে হবে।
জিমি ওয়েলসের নেতৃত্বেই চলবে উইকিট্রিবিউন। এই প্রকল্পের উপদেষ্টা হিসেবে ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটালিস্ট গাই কাওয়াসাকি, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেফ জার্ভিস এবং ব্রিটিশ মডেল ও অভিনেত্রী লিলি কোলে। আনুষ্ঠানিকভাবে কবে থেকে এই সংবাদ সেবা চালু হবে, এ ব্যাপারে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এস এম নজিবুল্লাহ চৌধুরী, সূত্র: এএফপি