ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে আসছে বার্ডওয়াচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটার
রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো বাড়ছে। এবারে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে নতুন ফিচার ‘বার্ডওয়াচ’ আনছে টুইটার। ফিচারটি ব্যবহার করে টুইটার ব্যবহারকারীরা কোনো টুইটের বিরুদ্ধে অভিযোগ জানানো বা ফ্ল্যাগ প্রদর্শন, সন্দেহজনক টুইট মনে করার কারণ ব্যাখ্যা ও টুইট-সম্পর্কিত সমীক্ষায় অংশ নিতে পারবেন।

গত আগস্ট মাসে টুইটারের নতুন ফিচারটির কথা প্রকাশ্যে আনেন প্রযুক্তি বিশ্লেষক জেন মানচুন ওং। তিনি ওই সময়ে ফিচারটির কিছু স্ক্রিনশট টুইটারে প্রচার করেন। সেখান থেকেই টুইটারের ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে টুইটার অ্যাকাউন্টে ভুয়া তথ্য রোধ করা হবে বলে ধারণা পাওয়া যায়।

গত শনিবার ওং টুইটারে জানান, কোনো টুইট যদি বার্ডওয়াচে যুক্ত করা হয়, তখন তা টুইটার কমিউনিটি ফরম তৈরি করে। ওই ফরমে একাধিক প্রশ্ন থাকে যা অভিযোগের জায়গায় যুক্ত হবে।

ওংয়ের টুইটের পর টুইটারের পণ্য বিভাগের প্রধান ও লাইভ স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপের সহপ্রতিষ্ঠাতা কেভন বেকপোর বার্ডওয়াচ আনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বার্ডওয়াচের ব্যাপারে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম পরামর্শক ম্যাট নাভারাও সম্প্রতি টুইটারে বার্ডওয়াচের স্ক্রিনশট শেয়ার করেন। তাতে দেখা যায়, টুইটের নিচে ছোট একটি বাইনোকুলার আইকন থাকবে। তাতে ক্লিক করলে অ্যাড টু বার্ডওয়াচ ফিচারে যাওয়া যাবে।

এর আগে ওংয়ের টুইটেও ব্যবহারকারীদের পক্ষ থেকে কোনো টুইটের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার সুবিধার কথা বলা হয়েছিল। এতে কোনো টুইটের বিরুদ্ধে অভিযোগ নোট আকারে লিখে তা অন্য ব্যবহারকারী বা মডারেটরদের দেখার জন্য রাখা যাবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের বার্ডওয়াচ ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি টুইটার কর্তৃপক্ষ। ফেসবুক প্ল্যাটফর্মে ফিচারটি চালু হলে এটা ভুয়া তথ্য বা ট্রল ঠেকাতে কতটা কার্যকর হয়, তা দেখার অপেক্ষায় থাকবে প্রযুক্তি বিশ্ব।