ভূগর্ভস্থ বিতরণ লাইন স্থাপনের কার্যক্রম এগিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে ইন্টারনেট ও কেব্ল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানের ঝুলন্ত তার মানিটর নিচে বসানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান কাজ করছে। ঝুলন্ত তারগুলো অপসারণের সময় তিন তিনবার পিছিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।রাস্তার ওপরে খুঁটির সঙ্গে ঝুলন্ত তারগুলো ভূগর্ভস্থ করার কাজের অগ্রগতি নিয়ে গতকাল শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফাইবার অ্যাট হোম।সম্মেলনে জানানো হয় এরই মধ্যে প্রায় ৫০টির বেশি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান, মোবাইল ফোন সংযোগদাতা, ওয়াইম্যাক্স সংযোগদাতা প্রতিষ্ঠান, কেব্ল অপারেটর, ব্যাংক-বিমা ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ৪০০ লিংক চালু করেছে। ফলে মাটির ওপরের তার ভূগর্ভস্থ করার কাজটি সহজ হবে। ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকী বলেন, লাইসেন্স পাওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের নানা প্রান্তে নেটওয়ার্ক বিস্তৃতির কাজ এগিয়ে চলছে। তিনি জানান, ‘তিন থেকে পাঁচ বছরের মধ্যেই দেশের সব উপজেলা আমাদের নেটওয়ার্কের আওতায় চলে আসবে। তবে এখন এ নেটওয়ার্কের ব্যবহার যত বাড়বে, কার্যক্রমের ব্যাপ্তিও তত বাড়বে।’ সম্মেলনের শুরুতে ফাইবার অ্যাট হোমের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রফিকুর রহমান নিজেদের ভূগর্ভস্থ নেটওয়ার্ক অবকাঠামোর বিভিন্ন বিষয় তুলে ধরেন। সম্মেলনে জানানো হয়, অনুমোদন পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি ঢাকা মহানগর ছাড়াও দেশের ২৩টি জেলা ও ৯০টি উপজেলায় দূরবর্তী ব্যাকবোন হিসেবে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করেছে। একই সঙ্গে রাজধানীর উত্তরা-গুলশান-বনানী-মতিঝিল-ধানমন্ডি-মিরপুর পর্যন্ত জরুরি বিকল্পব্যবস্থাসহ (রিডানডেন্সি) মেট্রো লিংক স্থাপন করেছে। এ ছাড়া মহাখালী ডিওএইচএস ও নিকেতন এলাকায় এফটিটিএইচের দুটি নেটওয়ার্ক স্থাপনের কাজ শেষ হয়েছে।পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-বগুড়া-রাজশাহী-খুলনা পর্যন্ত অপটিক্যাল ফাইবারভিত্তিক দূরবর্তী ব্যাকবোন তৈরি সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থানে ফাইবার টু দ্য হোম (এফটিটিএইচ) প্রকল্পের আওতায় ১১৫ কিলোমিটার এলাকায় ত্রিপল-প্লে (ভয়েস, ভিডিও ও ডেটা) নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এ ত্রিপল-প্লে নেটওয়ার্কে বিশ্বের সর্বাধুনিক জিপন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে একটি সংযোগ দিয়েই একই সঙ্গে কেব্ল টিভি (ভিডিও), টেলিফোন ও ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ ছাড়া ঢাকায় রিডানডেন্সিসহ প্রায় ২০০ কিলোমিটার মেট্রো ইথারনেট নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে, যা রাজধানীর প্রায় সব কটি প্রান্তকে সংযুক্ত করেছে। পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ সংযোগ স্থাপনের জন্য এখনো পর্যন্ত তিন শতাধিক ডিস্ট্রিবিউশন বক্স বসানো হয়েছে এবং যেসব এলাকায় নেটওয়ার্ক নেই, সেখানে এ নেটওয়ার্ক বর্ধিতকরণের কাজ এগিয়ে চলছে। —নুরুন্নবী চৌধুরী