পাঠক, আজ আপনারা পড়বেন ভূত–কথনের বিশেষ এপিসোড। এই বিশেষ এপিসোডটি সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে রস+আলোর পাতায়।
এ ছাড়া এই এপিসোডটি পড়তে পারবেন আমাদের ওয়েবসাইট
www.prothom-alo.com–এ ক্লিক করে। এই এপিসোডটি সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/Rosh.Alo–তে।
আজকের পর্বে আমাদের অতিথি হয়ে এসেছেন সূর্য চৌধুরী। তো মিস্টার সূর্য, গল্পটি শুরু করুন। (ব্যাকগ্রাউন্ডে খুব গা ছমছমে মিউজিক বাজবে।)
সূর্য চৌধুরী: দিনটি ছিল ২০১৫ সালের ২৯ ফেব্রুয়ারি। গভীর রাতে আমি গভীর মনোযোগে জাকারবার্গের অনবদ্য সৃষ্টি ‘মুখবই’ (ফেসবুক) পড়ছিলাম।
রস+আলো জকি: এ বছর তো লিপইয়ার ছিল না!
সূর্য চৌধুরী: দুঃখিত, ২৮ ফেব্রুয়ারি হবে! যাহোক, মুখবই পড়ার সময় হঠাৎ খোলা জানালা দিয়ে জোরে সাঁই সাঁই শব্দে বাতাস ঢুকতে শুরু করল।
রস+আলো জকি: তারপর কী ঘটল?
সূর্য চৌধুরী: পড়ার টেবিলের দিকে তাকিয়ে দেখি, আমার কলম নেই! অনেক খোঁজার পরও কলমটা না পেয়ে ভূতের ভয়ে আমার শরীরে কাটা দিয়ে উঠল!
রস+আলো জকি: তারপর? তারপর?
সূর্য চৌধুরী: জানালা বন্ধ করে আমি শুয়ে পড়লাম। হঠাৎ ডানা ঝাপটে কিছু একটা ওড়ার আওয়াজ শুনলাম। ভাবলাম, ভূতটি যদি উড়ে এসে আমার ঘাড় মটকে দেয়! ভয়ে আমি কাঁপতে শুরু করলাম। এরপর সকালে ঘুম থেকে জেগে উঠে দেখি…
রস+আলো জকি: কী দেখলেন?
সূর্য চৌধুরী: কলমটি আমার প্যান্টের পকেটে আর আমার রুমে তেলাপোকা উড়ছে!
রস+আলো জকি: বুঝলেন তো পাঠক, ভূত বলে কিছুই নেই! সব দুর্বলচিত্তের সৃষ্টি!
পাঠক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ভূত–কথনের বিশেষ কোনো এপিসোডে আপনাদের প্রিয় রস+আলোর পাতায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই! (ব্যাকগ্রাউন্ডে খুব গা ছমছমে মিউজিক বাজবে।)