ভূমিকম্প প্রতিরোধে চিলির প্রযুক্তি
২০১০ সালে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা হিসেবে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে চিলিতে। ভূমিকম্প-সংক্রান্ত স্মার্টফোন অ্যাপ্লিকেশনের পাশাপাশি ভূমিকম্প প্রতিরোধ-ব্যবস্থার বাস্তবায়ন ও নতুন পদ্ধতির প্রচলন ঘটাচ্ছে চিলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, চিলিতে বিভিন্ন ভবন নির্মাণের সময় সার্ভি নামের একটি প্রতিষ্ঠান উদ্ভাবিত ‘সিসমিক আইসোলেশন সিস্টেম’ বলে পরিচিত ভূমিকম্প প্রতিরোধ-ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে। এ ব্যবস্থায় পুরো ইস্পাতের একটি বিশাল কাঠামো মূল ভবনের ঝাঁকুনির প্রতিরোধ-ব্যবস্থা হিসেবে কাজ করে। এ পদ্ধতি অনেকটাই গাড়ির আঘাত প্রতিরোধক ব্যবস্থার মতো। এ ছাড়া ভবন নির্মাণের সময় বিশাল কংক্রিট ব্লক ব্যবহার করায় ভূমিকম্পের সময় মূল ভবন ঝাঁকুনি থেকে রক্ষা পায়। সার্ভির অন্যতম প্রতিষ্ঠাতা জুয়ান কার্লোস বলেন, ভূমিকম্পের মতো জটিল ও অনুমেয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টি প্রকৌশলীদের জন্য বড় পরীক্ষা। সার্ভির তৈরি প্রযুক্তি ১৫ তলা ভবনের ক্ষেত্রে ৯০ শতাংশ ঝুঁকি কমাতে পারে। তবে ভবন ১৫ তলার বেশি হলে এ পদ্ধতিতে ৫০ শতাংশ ঝুঁকি থেকে যায়।ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পানির ব্যবস্থা করতে পলিথিনের পানির পাইপলাইন ব্যবহারের পরিকল্পনা করছে চিলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ধাতব পানির পাইপলাইন স্থাপনের জন্য প্রচুর সময় ব্যয় হতে পারে। দ্রুত পানি সরবরাহের জন্য কোনো পনির উেস পলিথিন পাইপ বেঁধে পাইপটির অপর মাথা হেলিকপ্টারে করে দ্রুত নির্দিষ্ট এলাকা পর্যন্ত নেওয়া হলে পানির সমস্যা দূর হবে। চিলিতে ভূমিকম্পের সময় দ্রুত মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দিতে ইভিজিলো নামের একটি প্রতিষ্ঠান একটি সফটওয়্যার তৈরি করেছে। এ সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্কে সমস্যা থাকলেও দ্রুত মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন ও রেডিওতে ভূমিকম্পের সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব।