ভেনাসে ঝরে ধাতব তুষার!
থেমে থেমে বৃষ্টি হলে কী বিরক্ত লাগে? ভাগ্যিস আপনি ভেনাস বা শুক্রগ্রহের বাসিন্দা নন! আমরা যাকে শুকতারা বলে ডাকি সেই শুক্রগ্রহে থেমে থেমে ধাতব বৃষ্টি বা ধাতব তুষারপাত হয়। সেখানে তুষারের মতো ঝরতে থাকে সিসা ও বিসমাথ।ডিসকভারি নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা নিজের চোখে শুক্রগ্রহের তুষারপাত বা বৃষ্টিপাত দেখতে পাননি বটে কিন্তু তাঁরা এ গ্রহের পর্বতের গা বেয়ে ধাতব হিমবাহ গলার দৃশ্য পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। গবেষকেরা ধারণা করছেন, শুক্রগ্রহের এ তুষার তৈরি হয়েছে লেড সালফাইড ও বিসমাথ সালফাইড থেকে।যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার ১৯৮৯ সালে শুক্রগ্রহের ম্যাগেলান মিশনের তথ্য ব্যবহার করে গবেষকেরা শুক্রগ্রহের ধাতব তুষার থাকার বিষয়টি ধারণা করছেন। ধাতব তুষারপাত কী সম্ভব? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রুস ফেগলি হাফিংটন পোস্টকে এ বিষয়ে জানিয়েছেন, পৃথিবীর তুলনায় শুক্র গ্রহপৃষ্ঠ ও নিম্ন বায়ুমণ্ডলের কয়েকশগুণ পর্যন্ত উত্তপ্ত। সেখানকার আগ্নেয়গিরি থেকে নির্গত ধাতব যৌগ বায়ুমণ্ডলের শীতল অঞ্চলে ঘনীভূত হয় এবং ভূপৃষ্ঠের ওপর তুষারের মতো পড়তে থাকে।শুধু শুক্রগ্রহেই এ ধরনের আজব বৃষ্টিপাতের ঘটনা ঘটে না, মঙ্গলেও এ প্রক্রিয়া চলে। তবে, মঙ্গলে ধাতব তুষারের বদলে কার্বন ডাই অক্সাইডের তুষারপাত ঘটে।