ভোটের পর ব্রিটিশরা গুগলে খুঁজছে 'ইইউ' কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইইউ
ইইউ

ধনুক থেকে তির বের হয়ে গেছে! বৃহস্পতিবারের গণভোটে ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে। জনগণের এ সিদ্ধান্তের কারণে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামী অক্টোবরের মধ্যে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন।

কিন্তু ঐতিহাসিক এই রায় দেওয়ার আগে ‘ইইউ’ সম্পর্কে কতটা ধারণা ছিল এই ভোটারদের? ‘ইইউ’ কি তাদের কাছে ধোঁয়াশার মতো ছিল?
এসব প্রশ্ন উঠছে কারণ ভোট দেওয়ার পর ব্রিটেনের মানুষ গুগলে গিয়ে সবচেয়ে বেশি খুঁজেছে ‘হোয়াট ইজ দ্য ইইউ?’—ইইউ কী?

গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণভোট হয়ে যাওয়ার পর ফল প্রকাশ হতে না হতেই ব্রিটিশ জনগণ পাগলের মতো গুগলে ঝাঁপিয়ে পড়ে। ইইউ কী তা খুঁজতে থাকে। ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়াকে ‘ব্রেক্সিট’ বা ব্রিটেনের এক্সিট বলা হচ্ছে। এই শব্দটির উৎপত্তির পর থেকে ব্রিটেন জুড়ে তা সার্চের শীর্ষে রয়েছে। আর ভোটের পর ‘হোয়াট ইজ দ্য ইইউ?’—বাক্যটি সার্চের দ্বিতীয় শীর্ষ স্থানে চলে এসেছে।

গুগল ট্রেন্ডসের টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলে গত কয়েক দিনে ইইউ নিয়ে ইইউ সংশ্লিষ্ট বিষয়ে খোঁজার হার ২৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ‘ইইউ ছাড়লে কী হবে?’, ‘ইইউ ছাড়ার অর্থ কী?’, ‘ইইউতে কোন কোন দেশ আছে?’ ‘ইইউ অন্তর্ভুক্ত দেশের সংখ্যা কত?’ এ বিষয়গুলো বেশি খোঁজা হচ্ছে গুগলে।

গুগল বলছে, গণভোটের পর থেকে আয়ারল্যান্ডে কিংবা ফ্রান্সে স্থানান্তরিত হওয়া, যুক্তরাজ্য কীভাবে ছাড়া যাবে—প্রভৃতি বিষয়গুলো গুগলে অনুসন্ধান করার হার বেড়ে গেছে।
তথ্যসূত্র: টেলিগ্রাফ, জিনিউজ।