ভোট আনলিমিটেড: পারলে ঠেকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কদিন আগেই হয়ে গেল পৌরসভা নির্বাচন। সামনে আরও নির্বাচন আসছে। প্রতিটি নির্বাচনেই ভোট দিতে গেলে কিছু কিছু ভোটারকে বিভিন্ন রোমাঞ্চের মুখোমুখি হতে হয়। এসব রোমাঞ্চের কথা মাথায় রেখেই বছরের শুরুতে ম্যাডডগ লিমিটেড আপনাদের জন্য নিয়ে এল দারুণ এক ভিডিও গেম—ভোট আনলিমিটেড: পারলে ঠেকাও। চলুন, জেনে নিই গেমটির বিস্তারিত।

খেলতে যা লাগবে
 দুটি হাত, একজোড়া চোখ এবং কিছুটা কাজ করে এমন মাথা
 যেকোনো কম্পিউটার (ব্যক্তিগত, পারিবারিক বা বন্ধুবান্ধবের)
খেলার নিয়ম
এই গেমে আপনাকে তিনটি ধাপ পার হতে হবে।
প্রথম ধাপ: প্রথম ধাপে দেখানো হবে ভোটার তালিকায় আপনার নাম নেই। ফলে বিদ্যমান তালিকা থেকেই আপনাকে বেছে নিতে হবে যেকোনো একজনের নাম ও তার চৌদ্দপুরুষের বৃত্তান্ত। এরপর সেই নাম নিয়েই আপনাকে নামতে হবে ভোট দেওয়ার যুদ্ধে।
দ্বিতীয় ধাপ: নাম ঠিক করার পর আপনাকে নির্বাচন করতে হবে কাকে ভোট দেবেন। মোট ১০ জন প্রার্থীর প্রোফাইল এবং তাদের অফারকৃত গিফট আপনাকে দেখানো হবে। গিফট অনুযায়ী যাকে ভালো লাগে তাকে সিলেক্ট করবেন। এর ফলে বাকি নয়জন প্রার্থী আপনার শত্রুতে পরিণত হবে। তখনই শুরু হবে আসল খেলা, মানে গেম!

তৃতীয় ধাপ: এটিই গেমটির সবচেয়ে কঠিন ধাপ। প্রার্থী নির্বাচনের পর জানতে পারবেন আপনার হাতে ভোট দেওয়ার জন্য কত সময় আছে। সময় জানার সঙ্গে সঙ্গে আপনাকে রওনা দিতে হবে ভোটকেন্দ্রের উদ্দেশে। যথারীতি আপনার ভোটকেন্দ্র হবে ঝুঁকিপূর্ণ, যার অবস্থান হবে দুর্গম, রহস্যে ঘেরা পাহাড়ের ওপর। সেই ভোটকেন্দ্রে যাওয়ার পথে পথে আপনার জন্য ওত পেতে থাকবে ভয়ংকর বিপদ। রাস্তায় রাস্তায় অপেক্ষা করবে আপনার অপছন্দের প্রার্থী আর তাদের শাগরেদেরা। তাদের হাতে থাকবে ভয়ংকর সব মারণাস্ত্র। তারা অস্ত্র হাতে ভোটকেন্দ্রে যাওয়ার পথ পাহারা দেবে। আপনার কাজ হচ্ছে সেসব অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের ওপরই ব্যবহার করা এবং একটু একটু করে ভোটকেন্দ্রের পথে এগিয়ে যাওয়া। তবে যা করার তাড়াতাড়ি করবেন। কারণ, ইতিমধ্যে আপনার একজন ‘ক্লোন’ রওনা হয়ে গেছে আপনারই ভোট দেওয়ার জন্য। ফলে দেরি করে পৌঁছালে আপনার ভোট আপনার ‘ক্লোন’ দিয়ে দেবে।
এই গেমটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি সুযোগমতো একবার ‘পল্টি’ বা ‘ডিগবাজি’ দিতে পারবেন। মানে যে প্রার্থী আপনার জন্য বেশি বিপদের কারণ হয়ে দাঁড়াবে, আপনি তার পক্ষেই চলে যেতে পারবেন। এভাবে বুদ্ধি খাটিয়ে, সব বাধা পেরিয়ে আপনি যখন ভোটকেন্দ্রে পৌঁছাবেন, তখন দেখবেন, আপনার সামনে দিয়ে আপনার ‘ক্লোন’ ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাবে। তখন আপনাকে সেই ব্যালট বাক্স উদ্ধার করতে ‘ক্লোন’-এর সঙ্গে ব্যাপক মারামারি করতে হবে। জিতে গেলে আপনি ইচ্ছেমতো ব্যালট পেপারে সিল মারতে পারবেন। কিন্তু সিল মারার সময়ও আপনার ওপর অতর্কিত হামলা হবে। আশপাশে ঠুসঠাস করে ককটেল ফুটবে, সাংবাদিকেরা ছবি তুলবে, ভিডিও করবে। কিন্তু আপনি আপনার কাজ একাগ্রতার সঙ্গে করে যাবেন। সব বাধাবিপত্তি জয় করে যদি টার্গেটমতো সিল মারতে পারেন, তাহলেই আপনি হবেন বিজয়ী। এরপর আর আসলে আপনার কিছু করার থাকবে না।
গেমটির শব্দ এবং গ্রাফিকস বেশ প্রাণবন্ত এবং বাস্তব—যা আপনাকে সত্যিকারের ভোটদানের আনন্দ এনে দেবে। সুতরাং হাতে সময় থাকলে এখনই বসে যান কম্পিউটারের সামনে আর ইচ্ছেমতো ভোট দিন!
কোথায় পাবেন: আপাতত কোথাও পাবেন না, তবে ধোলাইখালে গিয়ে বললে এ রকম একটা গেম আপনাকে বানিয়ে দিতে পারে।