ভোট দিতে সুন্দরবনে রাবির আইবিএসের শিক্ষাসফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চির সবুজ সুন্দরবন, ভোট দিন প্রতিজন’—এ স্লোগানকে সামনে রেখে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের লক্ষ্যে ভোট প্রদানে উৎসাহিত করার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) শিক্ষক-গবেষক-কর্মকর্তা ও কর্মচারীরা সুন্দরবনে শিক্ষাসফর করেছেন। এর আগে আইবিএসের সব শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইন্টারনেটের মাধ্যমে সুন্দরবনকে ভোট দেন। প্রতি বছর ডিসেম্বরে আইবিএস থেকে রাজশাহীর আশপাশে বিজয় সফর হিসেবে শিক্ষাসফরের আয়োজন করা হয়। কিন্তু এবার শিক্ষাসফরের স্থান হিসেবে সুন্দরবনকে বেছে নেওয়া হয়। বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবন যাতে স্থান পায়, সে লক্ষ্যে ভোট দানে উৎসাহিত করতে দেশব্যাপী যে প্রচারাভিযান চলছে, তারই অংশ হিসেবে এবার সুন্দরবনে শিক্ষাসফরের আয়োজন করা হয়, বলে জানানো হয়। আইবিএসের পরিচালক অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘এ সফরের মাধ্যমে আমরা সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। এ সফরের পরও আমরা নানাভাবে সুন্দরবনকে ভোট দানে উৎসাহিত করার কার্যক্রম চালিয়ে যাব।’ আইবিএসের শিক্ষক নাজিমুল হক জানান, সুন্দরবনের কটকা, হিরণ পয়েণ্ট, দুবলার চর ও করমজল অভয়ারণ্যে সম্প্রতি কয়েক দিনব্যাপী তাঁরা সফর করেন। এ সফর আয়োজনের সার্বিক সহায়তায় ছিল সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, ঢাকার বাংলাদেশ ল’ টাইমস ও ট্যাক্স অ্যাডভাইজার। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়