
নির্বাচনে তরুণ ভোটারদের কীভাবে আকৃষ্ট করা যেতে পারে? ভারতীয় রাজনীতিক বেছে নিয়েছেন তরুণদের যন্ত্র-প্রীতি। জনসংখ্যার দিক দিয়ে দেশটির বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সম্প্রতি ঘোষণা দেন, যাঁদের পরিবারের বার্ষিক আয় দুই লাখ রুপির কম, এমন সব ভোটারকে বিনা মূল্যে স্মার্টফোন দেওয়া হবে।
স্মার্টফোন বিতরণের কারণ হিসেবে তাঁর সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন সরকার বলছে, এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষ সরকারের কর্মকাণ্ড, নীতি সম্পর্কে জানার সুযোগ পাবে। বিনা মূল্যে যাঁরা এই স্মার্টফোন পেতে চান তাঁদের অনলাইনে নিবন্ধন করতে হবে। আগামী মাসে নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে।
ঘোষণাটি এমন মুহূর্তে এল যখন উত্তর প্রদেশ আগামী বছরের শুরুতে পুনর্নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে যাদব বলেছেন, স্মার্টফোনগুলো ২০১৭ সালের মাঝামাঝি জনগণের হাতে পৌঁছাবে। অর্থাৎ স্মার্টফোন পেতে হলে তাঁর সরকারকে নির্বাচনে জেতাতে হবে।
ভারতে তরুণ ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। মোট জনসংখ্যার ৪০ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। এদিকে প্রতি মাসেই প্রায় ১০ লাখ তরুণ ১৮-তে পা রাখছেন।
এটাই প্রথম নয়। এর আগেও যন্ত্রের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন যাদব। জাতীয় নির্বাচনে জয়ের পর ২০১২ সালে তিনি ১০০ কোটি রুপির বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ প্রকল্প ঘোষণা করেছিলেন। অবশ্য যাদব একাই নন, আরও অনেক ভারতীয় রাজনীতিবিদই এর আগে ইলেকট্রনিক যন্ত্র বিতরণ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন।
এস এম নজিবুল্লাহ চৌধুরী, সূত্র: ম্যাশেবল