ভোল্টার জন্মদিনে গুগলের ডুডল

ইতালির বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টার ২৭০তম জন্মদিন আজ। গুগলের হোমপেজে বা শুরুর পাতায় বিশেষ একটি ডুডলের মাধ্যমে বিশ্বখ্যাত এই পদার্থবিজ্ঞানীর জন্মদিন স্মরণ করা হচ্ছে। বিশ্বে প্রথম ব্যাটারি আবিষ্কার করে তিনি স্মরণীয় হয়ে আছেন।
বিখ্যাত এই পদার্থবিজ্ঞানীর পুরো নাম আলেসান্দ্রো গিউসিপ্পে অ্যান্টনিও আনস্তাসিও ভোল্টা। তিনি ইতালির কোমোয় জন্মগ্রহণ করেন। সেখানকার এক সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ১৭৭৪ সালে কোমোর রয়্যাল স্কুলে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। এর পরের বছর তিনি ইলেক্ট্রোফোরাস আবিষ্কার করেন, যা থেকে তিনি স্থির বিদ্যুৎ উত্পাদনে সক্ষম হয়েছিলেন। ১৮৮১ সালে তাঁর নামানুসারে এসআই একক পদ্ধতিতে বৈদ্যুতিক বিভবের এককের নাম রাখা হয়েছে ভোল্ট।
১৭৭৬-৭৮ সালের মধ্যে রসায়নশাস্ত্রে গ্যাস বিষয়ে পড়াশোনা করেন। তিনি মিথেন গ্যাস আবিষ্কার করেন। ১৮২৭ সালে তিনি মারা যান।