ভ্যাট আরোপ হলে ক্ষতিগ্রস্ত হবে ই-কমার্স খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সরকারের প্রস্তাবিত বাজেটে অনলাইনে পণ্য ও সেবা বিক্রি অর্থাৎ ই-কমার্স খাতে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রস্তাব করা হয়েছে। এ কারণে সম্ভাবনা ও বিকাশমান এ খাতটি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছে বেসিস ই-কমার্স জোট।
রাজধানীর বেসিস মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘বেসিস ই-কমার্স অ্যালায়েন্স’ আয়োজিত বাজেট প্রতিক্রিয়া শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর। তিনি বলেন, ‘বর্তমানে প্রতিবছর ই-কমার্সের লেনদেন থেকে যে পরিমাণ আয় হচ্ছে তার ওপর ৪ শতাংশ ভ্যাট সরকারের রাজস্ব তহবিলে বছরে তিন-চার কোটি টাকার বেশি যোগ করবে না। অন্যদিকে আগামী কয়েক বছরে এই খাতে কয়েক লাখ তরুণ উদ্যোক্তা ও জনবলের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘৪ শতাংশ ভ্যাট নির্ধারণের ফলে দেশের অনেক ই-কমার্স প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিবে। ফলে দেশের এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৪ শতাংশ ভ্যাট আরোপ হলে ক্রেতারা অনলাইনে কেনাকাটার ব্যাপারে নিরুৎসাহিত হতে পারেন। এ ছাড়া এই খাতে যুক্ত হওয়া অনেক তরুণ উদ্যোক্তা তাদের ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতার মুখে পড়বে এমনকি তাদের ব্যবসাও গুটিয়ে নিতে পারে। তাই ই-কমার্স খাতকে গতিশীল করতে এই খাত অন্তত তিন-চার বছরের জন্য ভ্যাটমুক্ত রাখার প্রস্তাবনা দিয়েছে বেসিস।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশসহ অনেকে।
রাহিতুল ইসলাম