
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত কেন যৌক্তিক এবং আরও কোন কোন ক্ষেত্রে ভ্যাট চালু করা যেতে পারে? আমরা ভেবেছি, আপনিও ভাবুন (ভাবনার ওপরও ভ্যাট চালু করা যেতে পারে!)।
যে কারণে ভ্যাট ভালো
* শিক্ষার পাশাপাশি মৌলিক যে চাহিদাগুলো, যেমন: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা—এগুলোর সব কটিতেই ভ্যাট দিই আমরা। আর আমরা জানি, ‘লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে’।
গাড়িঘোড়ায় উঠতে চাইব, কিন্তু ভ্যাট দেব না,
তা কেমন করে হয়!
* রেস্তোরাঁয় আমরা মনের সুখে ৭ থেকে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে খাই। তাতে কোনো সমস্যা থাকে না। পাশাপাশি ওয়েটারকেও বকশিশ দেওয়া হয়। শিক্ষায় কেন নয়?
* ব্র্যান্ডের জামাকাপড়ের দামের সঙ্গে খুশিমনে ভ্যাট দেওয়া হয়। তখন টাকা কোথা থেকে আসে?
* মুরব্বিরা প্রায়ই বলেন, এখনকার শিক্ষার্থীরা অতি আদরে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলছে। ভ্যাটের ফলে অভিভাবকেরা সন্তানদের লেখাপড়ার খরচ দেওয়ার সময় তার লেখাপড়ার খোঁজ নেবেন। তাই বলাই যায়, এতে দেশে মনোযোগী শিক্ষার্থীর সংখ্যা বাড়বে।
* সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যেখানে ভ্যাট প্রযোজ্য, সেখানে জনগণের স্বতঃস্ফূর্ততা বেশি। তার প্রমাণ, শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে দলবল নিয়ে ভ্যাট প্রযোজ্য রেস্তোরাঁয় খেতে যায়, যায় শপিং করতে। তাহলে শিক্ষা খাতেও ভ্যাট আরোপ করা হলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা বাড়বে এবং লেখাপড়াও করবে আনন্দ নিয়ে।
যেখানে ভ্যাট দরকার
* বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেল করলেই ভ্যাট দিতে হবে। জরিমানা না বলে একে ভ্যাট বলাই উত্তম।
* শিক্ষার বাইরে, যেমন: বেসরকারি হাসপাতালে কেউ জন্ম নিলে বা সেখান থেকে সুস্থ হয়ে বের হয়ে এলেই ভ্যাট দিতে হবে। এত টাকা দিয়ে চিকিৎসা করাতে পারবেন, আর ভ্যাট দিতে পারবেন না?
* ভ্যাট নিয়ে উচ্চবাচ্য করলে সেটার ওপরেও ভ্যাট আরোপ করা যায়। ভ্যাট না দিলে হবে না ভালো ছেলে!