ভ্যালেন্টাইনস ডেতে ফেসবুকে অ্যাংরি বার্ড
ফেসবুকের গেম ভক্তদের জন্য সুখবরই বটে! ফার্মভিল, সিটিভিল, গার্ডেনস অব টাইম, দ্য সিমস সোশ্যাল গেমগুলোর পাশাপাশি গেমের স্বাদে আরও ভিন্নতা আনছে ফেসবুক কর্তৃপক্ষ। আইফোনের জনপ্রিয় ‘অ্যাংরি বার্ড’ গেমটি শিগগিরই ফেসবুকে আসছে বলেই খবর দিয়েছে টিএনএন। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রোভিও এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গেমটি ফেসবুকে যোগ হচ্ছে।রোভিও জানিয়েছে, ভ্যালেন্টাইনস ডেতে বিশ্বের ১ নম্বর সোশ্যাল নেটওয়ার্কে যোগ হবে অ্যাংরি বার্ড। গেমটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। ফেসবুক ব্যবহারের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ইন্দোনেশিয়ার স্থান।রোভিও আরও জানিয়েছে, অ্যাংরি বার্ড গেম খেলে ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’ বলার মতো মজা আর হয় না। মজায় অংশ নিয়ে এ তারিখটি ক্যালেন্ডারে চিহ্ন দিয়ে রাখুন এবং ফেসবুকের সবচেয়ে বড় ঘটনার সঙ্গী হন।গেমটিতে ডিম চোর শূকর ছানাকে ধ্বংস করে পাখির দল। ২০০৯ সালে গেমটি আইফোনে আসার পর থেকে জনপ্রিয় গেমে পরিণত হয়। গেমটি এখন অ্যাপল, সিমবিয়ান, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলোতে খেলা যায়। সম্প্রতি রিমও প্লেবুক ট্যাবলেটে গেমটি যোগ করার ঘোষণা দিয়েছে।অ্যাপলের তথ্য অনুসারে, ২০১১ সালে আইফোনে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের তালিকায় রয়েছে অ্যাংরি বার্ডস এবং ফেসবুক।