ভ্রমণ শিল্পের নজর ফেসবুক আর টুইটারের দিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের ভ্রমণপ্রেমীদের সহজ সেবা দেওয়ার জন্য ভ্রমণ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নজর ফেসবুক ও টুইটারের দিকে। সম্প্রতি দেখা গেছে, বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল ইত্যাদি কার্যক্রম ভ্রমন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ফেসবুকে দিয়ে দিচ্ছে। এর ফলে এখন আগ্রহী যে কেউ ফেসবুকেই খুঁজে পাবেন ভ্রমণের বিভিন্ন তথ্য। শুধু তথ্যই নয়, এর পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানের পরিচিতিও তুলে ধরছে প্রতিষ্ঠানগুলো। ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে দেওয়া হচ্ছে ভ্রমণের সব সুবিধার ভিডিও। এ ছাড়াও ব্লগসহ বিভিন্ন মাধ্যমে এখন এ সেবাগুলোর বর্ণনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভ্রমণ পরিচালনা প্রতিষ্ঠান ভার্জিন আমেরিকার সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপক জিল ফ্লেচার বলেন, এটা সত্যিই স্বীকার করতে দ্বিধা নেই, সামজিক যোগাযোগের সাইটগুলো এখন ভ্রমণ পরিচালনা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি বলেন, দেখা যাচ্ছে কোনো কারণে যদি নির্দিষ্ট সময়ে ভ্রমণ চালু করা না-ও যায়, সে ক্ষেত্রেও আমরা সামাজিক যোগাযোগের সাইটের শরণাপন্ন হই এবং গ্রাহকদের জানিয়ে দিই। হোটেলগুলোও নিজেদের সব ধরনের তথ্য গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দিতে টুইটারে ঠিকানা ব্যবহার করছে। এ ব্যাপারটিকে প্রযুক্তির সুবিধা ও বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের বিপ্লব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চার্লসন নামের একটি জনপ্রিয় হোটেলের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট আরোরা টথ বলেন, গ্রাহকদের জন্য প্রয়োজনীয় হোটেলের সব ধরনের তথ্যই আমরা সামাজিক যোগাযোগের সাইটে দিচ্ছি। পাশাপাশি ব্লগসহ অনলাইনের বিভিন্ন সাইটেও দেওয়া হচ্ছে, যাতে করে গ্রাহকেরা সহজে তথ্য পেতে পারেন। ধীরে ধীরে মোবাইল ফোনসেটের মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইটগুলোর ব্যবহার বাড়ার ফলে অনেকেই এখন মোবাইল ফোনসেটভিত্তিক তথ্যও দিচ্ছে। সব মিলিয়ে প্রযুক্তির এ সুবিধার এমন ব্যবহারকে ভালোই বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। —ইউএসএ টুডে অবলম্বনে নুরুন্নবী চৌধুরী