ভ্রমণবিষয়ক নতুন ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটকদের জন্য অনলাইনে ভ্রমণের সবকিছু নিয়ে যাত্রা শুরু করছে ভ্রমণবিষয়ক নানা সুবিধার নতুন ওয়েবসাইট ভ্রমণ ডট কম ডট বিডি। ভ্রমণ লিমিটেডের এ উদ্যোগের সহায়তায় বাংলাদেশ ও বিদেশের যেকোনো স্থানে ভ্রমণের জন্য হোটেল বুকিং করা, টিকিট কাটা, ট্যুর প্যাকেজ নির্বাচন—সবকিছুই অনলাইনে ঘরে বসেই করা যাবে। গত শনিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভ্রমণ ডট কম ডট বিডি (www.vromon.com.bd) ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় ভ্রমণ ডট কম ডট বিডির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বিন আমিন বলেন, ‘বাংলাদেশের মানুষ বেড়াতে অনেক ভালোবাসে। কিন্তু ভ্রমণ করতে তাদের নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়। অনলাইন ভ্রমণবিষয়ক এ সেবার মাধ্যমে দেশের পর্যটকদের দেশে এবং দেশের বাইরে স্বাচ্ছন্দ্য ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।’ অনুষ্ঠানে ভ্রমণ ডট কম ডট বিডির পরিচালক মামুন জামান বলেন, ‘দেশের মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, সেন্ট মার্টিন, কুয়াকাটা, সিলেট, সুন্দরবন, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, গাজীপুর, ঢাকাসহ বাংলাদেশের জনপ্রিয় যেকোনো স্থানে যেতে চাইলে সব ধরনের সহায়তা পাওয়া যাবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক শাহাদাত ফিরোজ সিকদার, ভ্রমণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম এবং লেখক শাকুর মজিদ।

অনুষ্ঠানে জানানো হয়, শুধু নির্দিষ্ট বুকিং বা টিকিট কাটার মধ্যেই সীমাবদ্ধ নয়, ভ্রমণ ডট কম ডট বিডি। ভ্রমণে গেলে কোথায় ঘুরবেন, কোথায় খাবেন—এ সম্পর্কিত তথ্যও ওয়েবসাইটে রয়েছে। এ সেবা নিয়ে যাঁরা ভ্রমণে যাবেন, তাঁদের সেরা রিভিউ এবং ভ্রমণের অভিজ্ঞতাও থাকবে ওয়েবসাইটটিতে। উদ্যোক্তারা জানান, প্রতিটি হোটেল যথাযথভাবে পরীক্ষা করে ওয়েবসাইটে তথ্য যুক্ত করা হয়েছে, যাতে গ্রাহকেরা সর্বোচ্চ সেবা নিতে পারেন। সাইটে রয়েছে তাৎক্ষণিক বুকিং ব্যবস্থা, শতভাগ নিরাপদ অনলাইন পেমেন্ট সিস্টেম এবং ভ্রমণকারীদের লেখা সেরা সব রিভিউ। এর সঙ্গে সাইটে দ্রুতই যুক্ত করা হবে টিকেটিং সুবিধা। রয়েছে দেশ ও দেশের বাইরের ৩০০ শতাধিক ট্যুর প্যাকেজ। করা যাবে বিভিন্ন ট্যুর প্যাকেজের তুলনা।

রাহিতুল ইসলাম