ভ্রমণযাত্রা সহজ করতে গুগলের উদ্যোগ
ধরুন, এক সপ্তাহ পরই একটি পারিবারিক ভ্রমণে যাচ্ছেন। তখন আপনাকে প্রথম যে সমস্যায় পড়তে হবে, তা হলো পরিবারের সদস্যদের সময়মতো যাওয়ার টিকিট কাটা এবং থাকার জন্য হোটেল বুকিং করা। তা ছাড়া খরচও একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। তখন মাথায় ঘুরতে থাকে যদি টিকিট, হোটেল ও খরচ তিনটি বিষয়ের সমাধানই এক জায়গায় পাওয়া যেত! সেসব সমস্যার কথা মাথায় রেখেই সম্প্রতি গুগল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে ‘ফ্লাইট’ ও ‘হোটেল’ নামের টুল দুটির উন্নত সংস্করণ যোগ করার।
গুগলের এই পদক্ষেপ যেকোনো যাত্রার সময়সূচি নির্ধারণকে আরও সহজ করবে। বাঁচিয়ে দেবে বাড়তি খরচ। সে জন্য টুল দুটিতে যাত্রা শুরুর কমপক্ষে দুই দিন আগে তারিখ এবং উপস্থিতির তারিখ দিলেই হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণ স্থানের আশপাশের একাধিক বিমানবন্দর এবং থাকার জায়গার একটি তুলনামূলক পর্যালোচনা পর্দায় ভেসে উঠবে। তখন শুধু নিজের সুবিধামতো অপশনটি বেছে নিলেই হবে। যদিও এই সুবিধা ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘কায়াক’-এ রয়েছে। তবে যেহেতু গুগল সার্চ ইঞ্জিনে এই টুল রয়েছে, ফলে ব্যবহারকারীরা খুব সহজে অল্প পদক্ষেপেই সুবিধাটি পেয়ে যাবেন।
নতুন ফ্লাইট খোঁজার সুবিধাটি পাওয়া যাবে ‘ডেটস’ ট্যাবে। সেখানে থাকবে তারিখ ও খরচের একটি তুলনামূলক তালিকা, যার সাহায্যে কম খরচে সুবিধামতো তারিখে বেছে নেওয়া যাবে টিকিট। ঠিক একইভাবে হোটেল সার্চ থেকে পাওয়া যাবে নির্দিষ্ট তারিখে কম খরচে সুবিধামতো জায়গায় হোটেল রুম। এ ছাড়া বিমানবন্দর থেকে ভ্রমণের স্থান বা হোটেলের দূরত্ব ম্যাপের সাহায্যে দেখে নেওয়ার সুবিধা থাকছে। ফলে বিমানবন্দর থেকে ঠিক কতটা পথ যেতে হবে, তার একটি ধারণা পাওয়া যাবে।
ফ্লাইট-সংক্রান্ত যে সুবিধা রয়েছে, তা আপাতত মুঠোফোনে পাওয়া যাবে। তবে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছরের শেষের দিকে ডেস্কটপ সাইটেও পাওয়া যাবে। পরবর্তী যেকোনো ভ্রমণে যাওয়ার আগে শুধু গুগলে ফ্লাইট এবং হোটেল লিখে সার্চ দিলেই খুব সহজেই এবং তুলনামূলক কম খরচে ভ্রমণ আয়োজন হবে।
মারিফুল হাসান, সূত্র: ম্যাশেবল