ভ্রমণের সঙ্গী হতে চালু হলো উইকিভয়েজ
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার নতুন প্রকল্প চালু হয়েছে। শুধু ভ্রমণবিষয়ক নানা তথ্য নিয়ে চালু হওয়া এ প্রকল্পটি হচ্ছে উইকিভয়েজ (www.wikivoyage.org)| বর্তমানে সাতটি ভাষায় চালু হওয়া প্রকল্পটি পরীক্ষামূলকভাবে সম্প্রতি চালু হয়। ২০০৬ সালের সেপ্টেম্বরে জার্মান ভাষায় উইকিট্রাভেল নামে একটি ওয়েবসাইট চালু হয়। জার্মান অ্যাসোসিয়েশন উইকিভয়েজ নামের একটি সংগঠন এ সাইটটি চালু করে। ক্রিয়েটিভ কমনস লাইসেন্সে থাকা তথ্য দিয়ে সাজানো সাইটটি গত অক্টোবর থেকে উইকিমিডিয়া ফাউন্ডেশনের মুক্ত ভ্রমণবিষয়ক গাইড হিসেবে চালু হয় উইকিভয়েজ নামে। বাংলা উইকিপিডিয়ার বুরোক্র্যাট তানভির রহমান জানান, ‘উইকিমিডিয়া ফাউন্ডেশনের সর্বশেষ প্রকল্প হচ্ছে উইকিভয়েজ। শিগগিরই এর বাংলা সংস্করণ চালু না হলেও আমরা ভবিষ্যতে চালুর ব্যাপারে আশাবাদী।’ উইকিভয়েজে মূলত ভ্রমণবিষয়ক নানা তথ্য থাকবে। ভ্রমণের উল্লেখযোগ্য স্থান, যাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাবারের খবরসহ বিস্তারিত নানা তথ্য পাওয়া যাবে। বর্তমানে ইংরেজি ভাষায় প্রায় ২৬ হাজার ৫৫৯টি নিবন্ধ রয়েছে উইকিভয়েজে। এ ছাড়া এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলভেদে রয়েছে ভ্রমণের জায়গার বিস্তারিত বর্ণনা।সম্প্রতি উইকিপিডিয়ায় যুক্ত হয়েছে ভিডিও প্রকাশের সুবিধা। এর ফলে এখন উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্পে ভিডিওচিত্র আপলোড করা যাবে। উইকি ভয়েজেও এ সুবিধা থাকবে বলে জানা গেছে। —নুরুন্নবী চৌধুরী