ভয় ছাপিয়ে জয়
‘মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?’ উন্মুক্ত এ প্রশ্নের উত্তর জানা শিক্ষার্থীদের হাত তেমন প্রত্যাশিতভাবে উঠতে দেখা যাচ্ছিল না। কেমন যেন ভয়ে জড়োসড়ো ভাব। একবার, দুবার, তিনবারের সময় দেখা গেল প্রত্যাশার দৈন্য কেটে যায়। প্রশ্ন ছোড়ার সঙ্গে সঙ্গে এবার সারি সারি হাত উঠছে। ভয় ছাপিয়ে জয়ের পালায় শত শত হাতের ভিড়ে একজনকে বেছে নেওয়ার জন্য চিৎকার করে অনুরোধের সমস্বর—‘স্যার! ও স্যার...আমার হাতটা দেখুন স্যার...আমি পারি স্যার!’এ দৃশ্যপট ১৮ অক্টোবর সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ চত্বরে ইন্টারনেট উৎসবের। উন্মুক্ত প্রশ্নে উত্তর জানাদের নিয়ে আই-জিনিয়াস পর্বে ুঅংশগ্রহণের সুযোগ নিতে এমন আনন্দ-আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে আগে দেখেননি বলে জানালেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ। বিয়ানীবাজারের আগে-পরে সিলেটের বিশ্বনাথ ও বালাগঞ্জের উৎসবেও ছিল শিক্ষার্থীদের মনে ভয় ছাপিয়ে জয়ের উল্লাস।‘আগে দেখি...’বিশ্বনাথ রামসুন্দর উচ্চবিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে নিয়ে এসেছেন বাবা। ইন্টারনেট নিয়ে উদ্ভট একটা ভীতি ছিল তাঁর মনে। ছেলেকে সরাসরি অংশগ্রহণ করাতে তাঁর সতর্ক পরামর্শ—‘আগে দেখি, তারপর...!’ চাকরিজীবী বাবা সালাহউদ্দিন শিক্ষার্থীদের সারিতে বসে উৎসবের সূচনায় প্রযুক্তির উৎকর্ষ সম্পর্কিত ভিডিওচিত্র দেখলেন। এক দেখাতেই তিনি বুঝে গেলেন। ছেলেকে নিয়ে দ্রুত নিবন্ধন কক্ষে গিয়ে সরলভাবে জানালেন তাঁর মনের খটকার কথা। নিবন্ধন কক্ষে কর্তব্যরত ব্যক্তিরা জানালেন, গ্রাম এলাকায় সচেতনদের মধ্যেও ইন্টারনেট নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভীতি দেখা গেছে। আবার বুঝে-শুনে সেই ভীতিও কেটে গেছে। উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ এ প্রসঙ্গে বলেন, ‘ভালো-মন্দ তো সবখানেই আছে। আমাদের আসলে ভালোটাই গ্রহণযোগ্য করে তুলতে এ রকম উৎসব-অনুষ্ঠানের প্রয়োজন।’আগামীবারের প্রস্তুতি!পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে যেমন করে বিশ্লেষণ চলে, তেমনি কয়েকজন শিক্ষার্থীর মধ্যে চলছিল অভিজ্ঞতা বিনিময়-বিশ্লেষণ। চারজনের তিনটি ভাগে তারা ১২ জন লড়েছিল আই-জিনিয়াস লড়াইয়ে। তাদের অনুযোগ, যে তিনটি প্রশ্ন করা হয় তার সবটাই জানার মধ্যে ছিল। কিন্তু মুঠোফোনে ব্রাউজ করে উত্তর বের করতে গিয়ে গলধঘর্ম হতে হয়েছে। কারণ হিসেবে সুরাইয়া জানাল, ইংরেজি শব্দের বানান লিখতে গিয়ে তার দেরি হয়েছে। ফেসবুকে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও এ সম্পর্কিত উত্তর বের করতে না পারার আক্ষেপ ছিল রুবেলের মনে। প্রথম আলোর ওয়েবসাইট আর বন্ধুসভার নিবন্ধন সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মাহমুদের কথা, সব জানাশোনার মধ্যে ছিল। উত্তর বের করতে না পারায় বন্ধুদের কাছে লজ্জা পেয়েছি। সুরাইয়া-রুবেল-মাহমুদের এ রকম কথকতার প্রাবল্যে আগামীবারের জন্য আগাম প্রস্তুতির বিষয়টিও প্রকাশ পাচ্ছিল।নজরকাড়া ভিন্নতাসিলেটের তিনটি স্থানের উৎসব অঙ্গনে কিছু না কিছু ভিন্নতা ছিল। এর মধ্যে বিয়ানীবাজারে উৎসবস্থলের প্রবেশমুখে শোভা পাচ্ছিল আস্ত একটি একতারা। বাউল সংস্কৃতির তীর্থস্থান সিলেট বোঝাতেই ছিল এ প্রদর্শনী। বিশ্বনাথ ডিগ্রি কলেজের ছায়াঘেরা ক্যাম্পাসের এক পাশে গ্রামীণ মেলার মতো বসেছিল। সেখানে দর্শনার্থীরা জড়ো হয়ে উৎসবের আদ্যোপান্ত উপভোগেরও সুযোগ পান। বালাগঞ্জের তাজপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তিন গুণ বেশি। বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব সূচনার পর ‘শান্তির প্রতীক’ কবুতর উড়িয়ে দেওয়া হয় নীল আকাশে।এবং শোভাযাত্রা‘আমি তাহলে জানলাম, পারলামও...!’ বৈরাগীবাজার আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জাবেদ আহমদ বিয়ানীবাজারের আই-জিনিয়াস হওয়ার অভিব্যক্তির প্রকাশ এমনই ছিল। আটটি দলের সেরাদের সঙ্গে লড়ে জাবেদের সবার সেরা হওয়ার শুরুটা ছিল ভয়ের। ব্রাউজ করতে গিয়ে তার হাত কাঁপছিল। ভয় ছিল মনে। ভয় ছাপিয়ে জয় যখন এল, তখন আনন্দ কেবল শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লসিত করে রেখেছিল ওই দিন। পরদিন এ আনন্দ ছড়িয়েছে এলাকাবাসীর মনে। উৎসব শেষেও বৈরাগীবাজারে চলছিল আরেক উৎসব। ১৯ অক্টোবর বিরাট আনন্দ শোভাযাত্রা বের হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীও ছিলেন ভয় ছাপিয়ে জয়ের শোভাযাত্রায়।