ভয়েস ও ভিডিও কল সুবিধা আনবে ব্ল্যাকবেরি মেসেঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাকবেরি মেসেঞ্জার
ব্ল্যাকবেরি মেসেঞ্জার

বিনামূল্যে ভয়েস কল করার সুবিধা নিয়ে আপডেট হচ্ছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার। ভবিষ্যতে আসতে পারে ভিডিও কল সুবিধাও।

কানাডার মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি তাদের জনপ্রিয় ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির একটি আপডেট আনার ঘোষণা দিয়েছে যার মাধ্যমে বিবিএম চ্যানেল তৈরি, কনটেন্ট শেয়ারের মতো কাজও করা যাবে।

ব্ল্যাকবেরির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মকর্তা কৃষ্ণ দীপ বড়ুয়া ইকনমিক টাইমসকে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির আপডেট আসবে যার মাধ্যমে এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সরাসরি ভাইবার, লাইন, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে প্রতিযোগিতা শুরু করবে।

ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ তাদের ২০১৩ সালে ‘ব্ল্যাকবেরি ১০’ অপারেটিং সিস্টেমের জন্য ‘বিবিএম ভয়েস’ নামের একটি ফিচার উন্মুক্ত করেছিল যা ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে যুক্ত হয়ে  অ্যান্ড্রয়েড, আইফোন ও ব্ল্যাকবেরি ওএসে বিনামূল্যে ভয়েস কল সুবিধা দেবে।

বর্তমানে ১০ কোটি ব্যবহারকারী ব্ল্যাকবেরি মেসেঞ্জার ব্যবহার করেন।

কৃষ্ণ দীপ বড়ুয়া জানিয়েছেন, ব্ল্যাকবেরি ১০নির্ভর পণ্যগুলোতে ভিডিও কলের জন্য যে ফিচারটি রয়েছে সেটি পরবর্তীতে অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্যও মুক্ত করা হতে পারে। তবে এখনই ব্ল্যাকবেরি মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধাটি যুক্ত হচ্ছে কী না সে বিষয়ে মুখ খোলেননি তিনি। শিগগিরই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত হতে পারে বলেও আশা করছেন ব্ল্যাকবেরির এই কর্মকর্তা।

সব ধরনের অপারেটিং সিস্টেমে ব্ল্যাকবেরি মেসেঞ্জার সেবাটি ভয়েস ও ভিডিও কল সেবা নিয়ে হাজির হলে আগামী দুই-তিন বছরের মধ্যে প্রচলিত মেসেজ পদ্ধতিতে হটিয়ে মেসেঞ্জার বিপ্লব ঘটাতে পারে বলেই মনে করছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।