ম-তে মেধা, ম-তে মারুফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফা ইসহাক
মারুফা ইসহাক

মেধা, পরিশ্রম আর ধৈর্য—এই তিন মিলে কী হয়? জানি, উত্তরটা আপনার জানাই আছে, ‘সাফল্য’। কেবল মারুফা ইসহাকই নাকি জানতেন না, এই সহজ উত্তরটা। তাঁর ভাষ্য, ‘ও মা, তাই নাকি? তাহলে তো আমি কোনো দিন সফলই হতে পারব না। আমার ভেতর যে ওই সব গুণের একটিও নেই!’

মারুফার স্বভাবই এ রকম, বিনয়ে নুয়ে পড়া। এবার আসুন দেখা যাক, তাঁর প্রতিভা আর সাফল্যের খবরাখবর। তাঁর সর্বশেষ সাফল্য নেপালের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনটিগ্রেটেড মাউনটেইন ডেভেলপমেন্টে (আইসিইমোড)’ ফেলোশিপ লাভ। তিনি এখন আইসিইমোডে গবেষণা সহযোগী হিসেবে কাজ করতে অবস্থান করছেন কাঠমান্ডুতে। ‘সেপ্টেম্বরে কাঠমান্ডু এসেছি। থাকতে হবে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত। এখানে হাতে-কলমে শিখছি অনেক কিছু।’ অনলাইন সাক্ষাৎকারে জানান মারুফা।

মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে স্নাতক চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছেন মারুফা। অপেক্ষা করছেন ফলাফলের। আর ঠিক এই সময়েই পেলেন আইসিইমেডের এই ফেলোশিপ।

এর আগে গত বছরের সেপ্টেম্বরেও তিনি কাঠমান্ডু গিয়েছিলেন এশিয়া প্যাসিফিক গ্র্যাজুয়েটস ফোরামে অংশ নেওয়ার জন্য।

এরপর ২০১২ সালের নভেম্বর-ডিসেম্বরে কাতারের রাজধানী দোহায় গিয়েছিলেন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোপ-১৮তে অংশ নেওয়ার জন্য। একই বছরের ৫ থেকে ৮ জুন ছিলেন চীনের সাংহাইয়ে অংশ নিয়েছেন আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলনে।

দেশের মাটিতে ২০১২ সালের জাতীয় পরিবেশ অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ হওয়ার গৌরবের অধিকারী মারুফা। ওই বছরের ডিসেম্বরে রাঙামাটিতে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম অন গ্রিন সলিউশন ইন বাংলাদেশ’-এর অন্যতম সমন্বয়ক তিনি। এটির আয়োজক ছিল বাংলাদেশ ইয়ুথ ফোরাম ও সহ-আয়োজক ছিল নেপালভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনারল সেন্টার ফর মাউন্টেন ডেভেলপমেন্ট (এসিমোড)।

আপনি এখন নিশ্চয় ভাবছেন, এই মেয়েটা কেবল গবেষণা আর পরিবেশ নিয়েই আছেন। না, তা নয়। বাস্তবতা কিন্তু আরও বিস্তৃত। তিনি গীতিকার। তাঁর লেখা অনেকগুলো গান বিভিন্ন অ্যালবামে স্থান পেয়েছে। নিজেও বছর দশেক ধরে সংগীতচর্চার মধ্যে রয়েছেন। বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত ও গিটারে তালিম নিয়েছেন দীর্ঘদিন।

গল্প লেখাতেও হাত পাকাচ্ছেন অনেক দিন ধরে। বিভিন্ন জাতীয় দৈনিকের ছোটদের পাতায় গল্প প্রকাশিত হয়েছে বেশ কিছু। গত বছর একুশে বইমেলায় অদ্ভুত যত ভূত নামে একটি বইও বেরিয়েছে তাঁর।

মারুফার অবসর মানেই বই পড়া। বইয়ের মধ্যে বুঁদ হয়ে থাকতেই ভালোবাসেন তিনি। তাঁর মতে, ‘আমার বই পড়ার অভ্যাস হয়েছে মূলত বাবার কল্যাণে, আমার বাবা নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার-এর একজন অন্যতম প্রতিষ্ঠাতা। এ ছাড়া বাসায় রয়েছে বইয়ের এক বিশাল সংগ্রহ। তাই ছোটবেলা থেকেই, বলতে পারেন আমার বইয়ের সঙ্গে বসবাস।’ বইপোকা হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করছিলেন তিনি।

ভবিষ্যতে মারুফা পরিবেশ নিয়ে কাজ করতে চান, আর চান শিক্ষকতা করতে।