মঙ্গল গ্রহ জয় করতে অদূর ভবিষ্যতেই চেষ্টা করবেন নভোচারীরা। কিন্তু সে জন্য তাঁদের আগে থেকেই জানতে হবে শূন্য মাধ্যাকর্ষণে পেশি সচল রাখার কায়দাকানুন। আর সেই কৌশল শিখতে হলে ব্যাঙের শরীরের বিশেষ কলাকৌশল থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, শীতনিদ্রাকালে সাইক্লোরানা আলবোগুত্তাতা প্রজাতির ব্যাঙ কয়েক মাস শীতনিদ্রায় থাকলেও তাদের পেশির কোনো ক্ষয় হয় না। কারণ, এই ব্যাঙের শরীরে রয়েছে বিশেষ ধরনের জিন, যেগুলো পেশিকে ক্ষয় বা ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি সাময়িকীতে। গবেষক বিও রেইলি বলেন, ব্যাঙের কোষের সংকেতের পথ বুঝতে পারলেই ভবিষ্যতে মানুষের কোষের ক্ষয় রোধ করা যাবে। এতে নভোচারীদের পাশাপাশি শয্যাশায়ী রোগীদের চিকিৎসায়ও অগ্রগতি হবে। টেলিগ্রাফ।