মঙ্গল-বারতা

আজ শেষ চৈত্র। রাত পোহালেই বাংলা নতুন বছরের প্রথম দিন; বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এই উৎসবকে ঘিরে আয়োজনের যেন শেষ নেই। দেশজুড়েই নানা পরিকল্পনা চলছে পয়লা বৈশাখ ঘিরে। গত আড়াই দশকেরও বেশি সময় ধরে বৈশাখ উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিণত হয়েছে উৎসবের তীর্থভূমিতে। আর নগরবাসীকে তাই এই আনন্দ উদ্যাপনের ভিন্ন মাত্রা এনে দিতে চারুকলার শিক্ষার্থীদের চোখে ঘুম নেই। পয়লা বৈশাখ সকাল নয়টায় শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে চারুকলা প্রাঙ্গণে চলছে বৈশাখী মেলা।
এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় ‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে’। মূল আয়োজনটি চোখে পড়ে জয়নুল গ্যালারি ও এর আশপাশের চত্বরে। মূল ফটক দিয়ে ঢুকতেই জলরঙে আঁকা চিত্রকর্ম, মুখোশ, পাখি, সরা, মাটির ব্যাংক, প্রদীপ, পুতুল, পাখা ইত্যাদি নিয়ে অস্থায়ী স্টলে বসে থাকতে দেখা যায় একদল উচ্ছ্বসিত শিক্ষার্থীকে।

পাশেই দেখা গেল কয়েকজন গভীর মনোযোগ দিয়ে সরাতে রং করছেন। শিল্পীদের তুলির আঁচড়ে একেকটি সরা যেন একটি লোকজ চিত্র হয়ে উঠছে। মা ও শিশু, বাঘের পিঠে রাজকুমার, ময়ূর, গাঁয়ের বধূ, টেপা পুতুল, লক্ষ্মীপেঁচা আরও কত কী যেন জিবন্ত হয়ে উঠছে। এখানে কাজ করছেন ঝুমা, লোপা, নওশীন, হীরক, শক্তি, প্রীত, ঊর্মি, শিপ্রা, দীপ্তি, তিতলি, রাসেল, ইমতিয়াজসহ আরও অনেকে। সেখান থেকে লিচুতলার দিকে হেঁটে গেলে চোখে পড়বে বারান্দার এক কোণে বসে মাটির মুখোশের ওপর কাগজ সেঁটে দিচ্ছেন কয়েকজন। এখানে কথা হলো মানিক বণিকের সঙ্গে, তিনি বলেন, ‘এটি ২৬তম মঙ্গল শোভাযাত্রা। এর অর্থসংস্থানের জন্য শিক্ষার্থীরা নিজেরাই এই মেলার আয়োজন করে থাকেন এবং এর জন্য কোনো সরকারি অথবা বেসরকারি সাহায্য নেওয়া হয় না। এখান থেকে যে কেউ পণ্য কিনতে পারবেন বা চাইলে চাহিদামতো অর্ডার করতে পারবেন।’
লিচুগাছের নিচে চলছে শোভাযাত্রার মূল আকর্ষণ লোকজ মোটিফ নির্মাণের কাজ। বাঁশের তৈরি আদলের ওপর পরে কাগজ সেঁটে রং করা হয়। এখানে কাজ করছেন নভেল, তমাল, আরিয়ান, রনি, সোহেল, রিগান, হিমেল, সবুজসহ আরও অনেকে। তাঁদের মধ্যে পারভেজ হাসান বলেন, ‘এবারের মূল থিমের সঙ্গে মিল রেখে আমরা ১১টি মোটিফকে বেছে নিয়েছি। এর মধ্যে রয়েছে বিড়ালের মুখে চিংড়ি মাছ, মাছের ঝাঁক, মা ও শিশু, হাঁস, লক্ষ্মীপেঁচা, হরিণশাবক, গাজী ও গাজীর বাঘ, শখের হাঁড়ি, বাঘের মুখোশ, ময়ূর ইত্যাদি আমাদের সমৃদ্ধি, সুখ ও ভালোবাসার প্রতীক। এগুলো আমাদের সব বাধা ছিন্ন করে সাহসী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’
স্কুলঘরের ভেতরে চলছে মুখোশ তৈরির কাজ। ‘রাজা-রানির মুখোশ ছাড়া তো র্যালির কথা ভাবাই যায় না’—বললেন মুখোশ রং করতে ব্যস্ত শিল্পী, সিন্থিয়া, আরেফিন। এখানে আরও কাজ করছেন অনন্যা, রোদসী, আমিনুল, সোনিয়াসহ আরও অনেকে।
এখানে চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি অনেক প্রাক্তন শিক্ষার্থীও প্রাণের টানে আসেন কাজ করতে। শিক্ষকদের তত্ত্বাবধানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন এখানে। এ প্রসঙ্গে বিকাশ আনন্দ জানান, এ বছর শিল্পাচার্যের শততম জন্মবার্ষিকী, তাই আয়োজনেও থাকছে চমক। দেয়ালচিত্রে জয়নুল আবেদিন ও কামরুল হাসানের চিত্রকর্মের ওপর প্রাধান্য থাকছে। স্কুলঘরের দেয়ালচিত্রে থাকছে রিকশা-চিত্রের প্রভাব। এ বছরের টি-শার্টের নকশায় থাকছে শিল্পী সাইদুল হোক জুইসের করা মুখোশের চিত্র।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হয় বৈশাখী যাত্রার মহড়া। এবারের যাত্রা ‘তাজমহল’ নির্দেশনায় আছেন চারুকলার দুজন প্রাক্তন শিক্ষার্থী সেতু ও কোমল। এতে অভিনয় করবেন চারুকলার শিক্ষার্থীরা। যাত্রাটি মঞ্চস্থ হবে ২ বৈশাখ, সন্ধ্যায়।