মঙ্গল যাত্রীর সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরকম হবে মঙ্গলের বাড়ি
এরকম হবে মঙ্গলের বাড়ি

মঙ্গলে বসবাস করতে আগ্রহী যে দুই লাখ মানুষ আবেদন করেছিলেন তাঁদের মধ্যে থেকে সম্প্রতি এক হাজার ৫৮ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে মার্স ওয়ান কর্তৃপক্ষ।
২০২৪ সালে এদের মধ্যে থেকে চারজনকে মঙ্গলে বসতি স্থাপনের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে নেদারল্যান্ডসের অলাভজনক প্রতিষ্ঠানটির। এক খবরে এ তথ্য জানিয়েছে স্পেস ডটকম।
মার্স ওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, চিরতরে মঙ্গলে পাড়ি দেওয়ার জন্য দরখাস্ত চাওয়ার পর বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে দুই লাখের বেশি আবেদন জমা পড়েছিল। বাংলাদেশ থেকেও ১৬টি আবেদন জমা পড়েছিল মার্স ওয়ানের কাছে। এই আবেদনগুলোর মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকায় যুক্তরাষ্ট্র থেকে ২৯৭জন, কানাডা থেকে ৭৫, ভারত থেকে ৬২, রাশিয়া থেকে ৫২ ও অন্যান্য দেশ থেকে ৫৭২ জনকে রেখেছে মার্স ওয়ান। যাঁরা সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন তাঁদের কাছে মেইল পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
সংক্ষিপ্ত তালিকা প্রসঙ্গে মার্স ওয়ানের উদ্যোক্তা ব্যস ল্যানসড্রপ জানিয়েছেন, মঙ্গলে পাড়ি দিতে যাঁদের প্রাথমিকভাবে যোগ্য মনে হয়েছে তাদের তালিকায় রাখা হয়েছে। এক্ষেত্রে শারীরিক ও মানসিক দৃঢ়তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যাঁরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে আগামী দুই বছরের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে মার্স ওয়ানের। দলভিত্তিক কাজের মাধ্যমে মানসিক ও শারীরিক পরীক্ষণের মাধ্যমে মাত্র চারজনকে মঙ্গলযাত্রার জন্য প্রস্তুত করে তোলার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অবশ্য, যাঁরা নির্বাচিত হননি বা যাঁরা আবেদন করার কথা ভেবেও শেষ পর্যন্ত আবেদন করেননি তাঁদের হতাশ না হতে পরামর্শ দিয়েছেন ব্যস ল্যানসড্রপ। আগামীতে আবারও এ ধরনের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন এই উদ্যোক্তা।

এদিকে সিএনএন এক খবরে জানিয়েছে, দ্রুতগতিতে এগিয়ে চলেছে মঙ্গলযাত্রার আয়োজন। মঙ্গলে বসতি স্থাপনের জন্য লকহিড মার্টিন, সারে স্যাটেলাইট টেকনোলজিসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮ সালে মঙ্গলের উদ্দেশে মনুষ্যবিহীন রোবোটিক যান পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ২০২৫ সাল নাগাদ আবেদনকারীদের মধ্য থেকে চারজন সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন। আর এই মায়াভরা পৃথিবী ছেড়ে গেলে আর ফিরতে পারবেন না তাঁর।

২০১৩ সালের এপ্রিল মাসে ২০২৩ সাল নাগাদ মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর ও বসতি স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছিল ‘মার্স ওয়ান’। মঙ্গলগ্রহে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রতিষ্ঠানটি। ১৮ বছরের বেশি বয়সের যে কারও মঙ্গলে যাওয়ার জন্য আবেদন করার সুযোগ ছিল। শর্ত ছিল, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত চারজন ব্যক্তিকেই শুধু মঙ্গলগ্রহে পৌঁছে দেওয়া হবে আর তাঁদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। পরবর্তী সময় মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অভিযাত্রীদের নিজেদেরই চেষ্টা করতে হবে সেখানে বেঁচে থাকার জন্য। ৩১ আগস্ট ছিল রহস্যময় লালগ্রহে যেতে আগ্রহী ব্যক্তিদের নাম নিবন্ধন করার শেষ দিন।

ব্যাস ল্যান্ডড্রপসের পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে থেকে প্রথমে ৪০ জনকে নির্বাচন করা হবে এবং তাঁদের প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে চারজনকে বেছে নেওয়া হবে। ২০১৫ সালের জুলাই মাসে আবেদনকারীদের মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে চারজন করে মোট ছয়টি দল গঠন করা হবে। এরপর মঙ্গল অভিযানের জন্য উপযুক্ত করে তুলতে আট বছর ধরে প্রশিক্ষণ চলবে তাঁদের।

২০২৫ সালে চার নভোচারীর প্রথম দলটি মঙ্গলে যাবে। এরপর প্রতি দুই বছর পরপর নতুন অভিযাত্রীরা যোগ দেবেন তাঁদের সঙ্গে। এর আগে মঙ্গলগ্রহে চালানো হবে প্রাথমিকভাবে টিকে থাকার উপযোগী পরিবেশ নির্মাণের চেষ্টা। মহাকাশে মানুষের বসতি ছড়িয়ে দিয়ে সেখানে বংশবৃদ্ধি করার চেষ্টা করতে হবে। সেখানে বেঁচে থাকার মতো উপযুক্ত পরিবেশও তাদেরই তৈরি করে নিতে হবে।

মঙ্গল মিশন সফল করতে আগামী বছর একটি যোগাযোগ উপগ্রহ মঙ্গলের কক্ষপথে পাঠাবে মার্স ওয়ান। ২০১৮ সালে মঙ্গলে যাবে বিশেষ রোবোটিক্স যান। এরই মধ্যে খাবার, রসদ আর জীবন রক্ষাকারী সরঞ্জাম পাঠানোর একাধিক পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। মঙ্গলের বুকে প্রথম বসতি স্থাপনকারীদের জন্য শক্তির জোগান দিতে সৌর প্যানেল বসানো এবং গ্রহের পরিবেশকে কাজে লাগিয়ে পানি ও অক্সিজেন তৈরির গবেষণাও চালাবে মার্স ওয়ান।

 মার্স ওয়ানের ওয়েবসাইটের ঠিকানা