মঙ্গলবার শুরু হচ্ছে ডব্লিউএসআইএস নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ ও ২০০৫ সালে অনুষ্ঠিত জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলনের (ডব্লিউএসআইএস) ঘোষণাপত্র বাস্তবায়ন পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে দুই দিনের উচ্চপর্যায়ের সম্মেলন। সদস্যদেশগুলো ছাড়াও সুশীল সমাজ, বেসরকারি প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের হাজার খানেক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
২০০৩ সালের শীর্ষ সম্মেলনে ব্যাপক প্রস্তুতি নিয়ে তথ্যপ্রযুক্তির সর্বজনীন ব্যবহার ও উদ্ভাবন, দারিদ্র্য মোচনে এর ভূমিকা, দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ইত্যাদি কর্মকৌশল নিয়ে জাতিসংঘের ঘোষণাপত্র গৃহীত হয়, যা তথ্যপ্রযুক্তি জগতে ‘জেনেভা ডিক্লারেশন’ নামে পরিচিত। ২০০৫ সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। দুটি সম্মেলনের নেতৃত্ব দেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীসহ বিশ্বের ৮৬টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ দুই সম্মেলনে প্রায় ১০ হাজারের মতো প্রতিনিধি অংশ নিয়েছিলেন। তাঁদের অংশগ্রহণে শীর্ষ সম্মেলনে গৃহীত ঘোষণাপত্র বাস্তবায়নের কর্মকৌশল ও দিকনির্দেশনা অনুসরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। ইন্টারনেট ব্যবস্থাপনা নিয়ে এই সম্মেলন দুটিতেই ব্যাপক বিতর্ক হয়, যা পরে মহাসচিবের পরামর্শে আইজিএফ বা ‘ইন্টারনেট গভর্নেন্স ফোরাম’ গঠনের মাধ্যমে আপাতত সমাধান করা হয়।
১৫ ও ১৬ ডিসেম্বরের সম্মেলনে গত ১০ বছরে সদস্যদেশগুলোর তথ্যপ্রযুক্তি উন্নয়ন খাতে অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে ও নতুন একটি নতুন কর্মকৌশল ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে। জাতিসংঘ গত সেপ্টেম্বরে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। ডিসেম্বরের তথ্য সমাজ ঘোষণাপত্র সে আলোকে বিশ্লেষণ করে গত তিন মাসে বেশ কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পুরো সম্মেলন প্রক্রিয়া সমন্বয় করছেন জাতিসংঘের মহাসচিব নিজেই এবং তাঁর সঙ্গে রয়েছেন বর্তমান ৭০তম অধিবেশনের সভাপতি ডেনমার্কের সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী মোগনেস লিকেতফট।