মঙ্গলে অবতরণ নিয়ে রিয়েলিটি শো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৩ সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চান নেদারল্যান্ডের প্রযুক্তি উদ্যোক্তা ব্যাস ল্যানসড্রপ। ‘মার্স ওয়ান’ নামের একটি প্রকল্প শুরু করেছেন তিনি। আর এ মার্স ওয়ানের ব্যয় মেটাতে মঙ্গল গ্রহে অবতরণের দৃশ্যটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার চান তিনি। বিক্রি করতে চান এর টেলিভিশন-স্বত্ব।‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলে মানুষ পাঠানোর ব্যবসা পরিকল্পনা নিয়ে কাজ করছেন ব্যাস ল্যানসড্রপ। ৬০০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করে ২০২৩ সালে মঙ্গল গ্রহে একজন নভোচারী পাঠানোর পরিকল্পনা তাঁর।ল্যানসড্রপের পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে মঙ্গল গ্রহে প্রথমবারের মতো একজন নভোচারীর পা পড়বে, যা সারা বিশ্বের মানুষ সরাসরি টেলিভিশনে দেখতে পাবেন। মঙ্গল অভিযাত্রার পুরোটাই রিয়েলিটি শো হিসেবে টেলিভিশনে প্রচার করা হবে। ফুটবল বা ক্রিকেট খেলা সম্প্রচারের যেমন চুক্তি হয়, তেমনি মঙ্গল গ্রহের সরাসরি সম্প্রচার-স্বত্ব বিক্রি করে এ খরচ মেটাবেন তিনি।ল্যানসড্রপ জানিয়েছেন, ১৯৬৯ সালে চন্দ্র বিজয়ের দৃশ্য টেলিভিশনে ৬০ কোটিরও বেশি মানুষ দেখেছিল। মানুষের ইতিহাসে মঙ্গল গ্রহ জয় করাটা আরও বড় একটা ঘটনা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে টেলিভিশনে স্পনসরশিপের বিশাল অঙ্কের অর্থ আয় করা সম্ভব হবে। ‘মার্স ওয়ান’ নামের একটি প্রকল্পের অধীনে মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে চান ল্যানসড্রপ। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মঙ্গলের প্রথম নভোচারীর অবতরণের দৃশ্য টেলিভিশনে রিয়েলিটি শো আকারে দেখাতে চান তিনি।