মঙ্গলে নিঃসঙ্গ 'জন্মদিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউরিওসিটির এক বছর
কিউরিওসিটির এক বছর

মঙ্গল গ্রহে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবটযান কিউরিওসিটির অবতরণের এক পৃথিবীবর্ষ পূর্ণ হয়েছে গত সোমবার। দিনটিকে (৫ আগস্ট) মঙ্গলপৃষ্ঠে কিউরিওসিটির জন্মদিন হিসেবে বিবেচনা করেন বিজ্ঞানীরা। সেই হিসাবে এবারের জন্মদিনটি নিঃসঙ্গই কাটাতে হয়েছে।
‘লাল গ্রহে’ প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে কিউরিওসিটি এখনো কাজ করে যাচ্ছে। এটির প্রাথমিক লক্ষ্য মঙ্গলপৃষ্ঠে ১৮ হাজার ফুট উঁচু মাউন্ট শার্প নামের পর্বতের পাদদেশে একটি ছোট পাহাড়ের পাথুরে মাটি নিয়ে গবেষণার মাধ্যমে মঙ্গলে প্রাণের সম্ভাব্য অস্তিত্ব এবং কাল সম্পর্কে তথ্য সংগ্রহ করা। প্রতিদিন গড়ে ১০০ গজ গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে রোবটযানটি। আরও ৪ দশমিক ৪ মাইল অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে এটির প্রায় নয় মাস সময় লাগতে পারে।
কিউরিওসিটি ইতিমধ্যে মাইল খানেক দূরত্ব পাড়ি দিয়েছে এবং অন্তত ৩৬ হাজার ৭০০টি ছবি তুলেছে এবং ৭৫ হাজার লেজার রশ্মি নিক্ষেপ করেছে। এ ছাড়া এটি পাথর ও মাটি পরীক্ষা করেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলপৃষ্ঠের গেইল ক্র্যাটার এলাকায় প্রাণের অস্তিত্বের খোঁজ মিলতে পারে। নিউইয়র্ক টাইমস ও ইনডিপেনডেন্ট।