মঙ্গলে যাওয়ার মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর আইআইটির শিক্ষার্থীরা পেলেন মার্স সোসাইটির স্বীকৃতি
গাজীপুর আইআইটির শিক্ষার্থীরা পেলেন মার্স সোসাইটির স্বীকৃতি

মঙ্গলে যাওয়ার পরিকল্পনা মানুষ করবে, এটাই স্বাভাবিক। বরাবরের মতো নাসা এ বিষয়ে উৎসাহী ছিল। কিন্তু এবার তাদের সঙ্গে যোগ দেয় ‘দ্য মার্স সোসাইটি’। তারা একসঙ্গে পরিকল্পনা করতে থাকে। মঙ্গলে দুজন মানুষ বহনকারী একটি মহাকাশযান পাঠানোর জন্য পূর্ণ পরিকল্পনা চেয়ে তারা প্রকল্প আহ্বান করে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে, বিশ্বজুড়ে। তাদের উদ্দেশ্য ছিল এটাকে একটা ভিন্নধর্মী প্রতিযোগিতায় রূপ ধারণ করার। পরে বিশেষজ্ঞদের মতের ভিত্তিতে পাওয়া প্রকল্প প্রস্তাবনাগুলোর মধ্য থেকে অল্প কিছুসংখ্যক মনোনীত প্রস্তাবনা মার্স সোসাইটির ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার।
বিশ্বের অনেক জায়গাতেই এ ব্যাপক সাড়া ফেলে দেয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
গত ১৫ মার্চ এ প্রতিযোগিতার ফলাফল দেওয়ার পর দেখা যায়, বাংলাদেশ থেকে দুটি দলের প্রকল্প জায়গা করে নেয় মার্স সোসাইটির সংক্ষিপ্ত তালিকায়। তাদের প্রকল্প প্রস্তাবনা প্রকাশিত হয় মার্স সোসাইটির ওয়েবসাইটে, তাদের মধ্যে একটি হচ্ছে গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রতিনিধিত্বকারী দল আইইউটি অ্যাস্ট্রোনাট। দলের সদস্যরা সবাই আইইউটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁরা হলেন শাবাব বিন করিম, উসামা ইসলাম, তানজিল বিন হাসান, ফয়সাল হুসাইন, মোহাম্মদ আবদুল্লাহ মতিন খান, মো. মুহতাদি মুহাইসিন, আবদুল্লাহ আল জোহা, মো. সাইফুল বারি, ফাহাদ আল মামুন, রায়হান উদ্দিন আহমেদ ও ওয়াসিফ জামান। প্রথমে এ দলটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আইইউটি ইনোভেশন ল্যাবের মডারেটর ও আইইউটির ইইই বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার হাবিবুল কবির। পরে ইউনিভার্সিটি অব ওকলাহোমার অধ্যাপক আতিকুজ্জামান যুক্তরাষ্ট্রে বসে ইন্টারনেটের মাধ্যমে অনেক রিসোর্স প্রদান করে সাহায্য করেন এ দলটিকে। এ দুজন সহূদয়বান ব্যক্তির সাহায্যের মূল্যায়ন সঠিকভাবেই করেছে আইইউটি অ্যাস্ট্রোনাট। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের একাগ্রতা ও পরিশ্রমের জয় হয়। ফলে তাঁদের প্রকল্প প্রস্তাবতাটি ‘হিউম্যান এক্সপিডিশন অন মার্স-টাইমলাইন ২০১৮’ বিশেষজ্ঞদের বিচারে পায় ‘অনার‌্যাবল মেনশন।’

অভিনন্দন আইইউটি অ্যাস্ট্রোনাটকে। তাদের এই অর্জনের গল্প প্রেরণা হয়ে থাকবে অনেকের জন্যই। তাদের একটাই আশা, তাঁদের এই ক্ষুদ্র গবেষণা কোনো না কোনোভাবে অবদান রাখবে ২০১৮ সালকে লক্ষ্যমাত্রা ধরে এগোনো মঙ্গলে মনুষ্য অভিযানে।