মঙ্গলে হাতি !
লালরঙা মঙ্গলগ্রহের পৃষ্ঠে রয়েছে অতিকায় এক পৃথিবীর হাতি! অবশ্য বাস্তবের কোনো হাতির সন্ধান গবেষকেরা দিতে না পারলেও মঙ্গলপৃষ্ঠে হাতিসদৃশ একটি নকশা সম্প্রতি শনাক্ত করেছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, মঙ্গলগ্রহে লাভার স্রোতের ফলে সৃষ্টি হয়েছে গজরাজের এই আকৃতি, যা মঙ্গলের কোটি কোটি বছরের ভূ-তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।মঙ্গলের পৃষ্ঠে এ রকম ভূপৃষ্ঠের আদল দেখতে পাওয়ার বিষয়টি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ইতালির এক মহাকাশ গবেষক মার্স এক্সপ্রেস থেকে মঙ্গলগ্রহের তোলা ছবি বিশ্লেষণ করে মহাত্মা গান্ধীর চেহারাসদৃশ একটি নকশা খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন। এরও আগে ১৯৭৬ সালে আমেরিকান ভাইকিং ১ অরবিটার থেকে তোলা এক ছবিতে মঙ্গলের বড় এক পাহাড়কে মানুষের মুখের আদলের মতোই মনে হতো। অবশ্য এ ক্ষেত্রে অন্য আরেকটি ধারণাও কাজ করে। মহাকাশের ভূপৃষ্ঠে বিভিন্ন প্রাণীর আদলের ছবি ফুটিয়ে তোলার কাজটি এলিয়েন বা ভিন গ্রহবাসীর কাজ বলেও মনে করেন অনেকেই।গবেষকেরা কোনোকিছুর মধ্যে মানুষের মুখের আদল খুঁজে পাওয়ার এই ঘটনাকে একটি নামও দিয়েছেন। এর নাম ‘প্যারেইডোলিয়া’। এ ঘটনার ফলে প্রকৃতি কিংবা মেঘের মধ্যে অতি উত্তেজনার ফলে কোনো অবয়ব বা মুখ দেখা যায়। গবেষকেরা এ প্রসঙ্গে বলেন, মানুষ টিকে থাকার জন্যই কোনো পরিচিত কিছুর সঙ্গে তুলনা করে, যা তাদের স্বভাবের মধ্যে পড়ে।অবশ্য সাম্প্রতিক মার্স রিকোনাইসেন্স অরবিটার থেকে তোলা ছবিটি বিশ্লেষণ করে হাতির নকশাটিকে গবেষকেরা লাভা বন্যার কাজ বলেই ধারণা করছেন। কারণ এখনো যে মহাকাশে সত্যিকার কোনো হাতি বা পিঁপড়ার খোঁজ গবেষকেরা পাননি!