মঙ্গলেও টেকটোনিক প্লেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহের সঙ্গে পৃথিবীর আরেকটি সাদৃশ্য বা মিল খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, পৃথিবীর টেকটোনিক প্লেটের মতই মঙ্গল গ্রহেরও টেকটোনিক প্লেট রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।দীর্ঘদিন ধরেই মঙ্গল গ্রহে টেকটোনিক প্লেটের অস্তিত্ব থাকতে পারে বলে গবেষকেরা ধারণা করছিলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান লিন মার্স রিকনাইসেন্স অরবিটার উপগ্রহের তোলা ১০০ টিরও বেশি ছবি বিশ্লেষণ করে মঙ্গলে টেকটোনিক প্লেটের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। গবেষক আন লিন জানিয়েছেন, মঙ্গলের বৈশিষ্ট্য দেখে মনে হয়, এটি হিমালয় ও তিব্বতের ফল্ট সিস্টেম বা চ্যুতির মত; সেখানেও ভূমিকম্প উত্পত্তিস্থল রয়েছে। লিন জানিয়েছেন, মঙ্গলে মসৃণ গভীর খাদ রয়েছে, যেখান থেকে চ্যুতির সৃষ্টি; যা অনেকটাই ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির মত। পৃথিবীর পর সৌরজগতের মধ্যে এ ধরনের বৈশিষ্ট্যের দেখা কেবল মঙ্গলেই মিলল। টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণেই পৃথিবীর মত মঙ্গলেও ভূকম্পন হয়। তবে মঙ্গলে ঘন ঘন ভূমিকম্প হয় না। সেখানে ভূমিকম্প হয় দীর্ঘ সময়ের ব্যবধানে। লিন আরও জানিয়েছেন, পৃথিবী ভাঙ্গা ডিমের মত সাতটি টেকটোনিক প্লেটের তৈরি হলেও মঙ্গলে টেকটোনিক প্লেটের সংখ্যা মাত্র ২টি। মঙ্গলের এই টেকটোনিক প্লেট কীভাবে তৈরি হয়েছে তা নিয়ে বর্তমানে আরও গবেষণা করছেন তিনি। মঙ্গল গ্রহে বর্তমানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানোর ‘কিউরিওসিটি’ নামের রোবট যানটি অবস্থান করছে। কিউরিওসিটির পাঠানো ছবি বিশ্লেষণ করেও পৃথিবীর মরুভূমির সঙ্গে মঙ্গলের সাদৃশ্য পেয়েছেন গবেষকেরা। কিউরিওসিটির আগামী দুই বছরের অভিযানে টেকটোনিক প্লেট বিষয়ে আরও তথ্য পাওয়ার আশা করছেন গবেষকেরা।