মঙ্গলের আবহাওয়ার পূর্বাভাস! (ভিডিও)
আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গোলাপী আকাশে হালকা মেঘ থাকবে। দিনে সর্ব্বোচ্চ তাপমাত্রা থাকবে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট। রাতে আরও বেশি ঠান্ডা পড়বে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে- মঙ্গলের আজকের আবহাওয়ার খবর!এমনিতেও বাইরে বেরোতে হলে আবহাওয়ার খোঁজখবর নিয়ে তবেই অনেকে ঘর ছাড়েন। ঝড়-বজ্রসহ বৃষ্টি নাকি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া? পৃথিবীতে আবহাওয়ার খবরের ওপর নির্ভর করে সারা হয় অনেক কাজ। কিন্তু মঙ্গলের আবহাওয়া জানা কি ততোটা জরুরী? এ প্রসঙ্গে নাসার ৪০ জন মঙ্গল গবেষকের উত্তর- অবশ্যই জরুরী। সেখানকার ভুতুড়ে আবহাওয়া কেমন যাচ্ছে, তা জানার ওপর নির্ভর করছে ভবিষ্যতে মানুষ মঙ্গলে পাড়ি দিতে সমর্থ হবে কী না সে প্রশ্নের উত্তর। লাল মাটি আর গোলাপি আকাশের মঙ্গল গ্রহটির অদ্ভুত আবহাওয়াকে গবেষকেরা ভুতুড়েই বলেছেন। কারণ-সেখানকার ধূলিঝড় আর শীত একরকম ভুতুড়ে আবহাওয়া তৈরি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো কিউরিওসিটি মঙ্গলে অবস্থান করায় মঙ্গলের আবহাওয়ার পূর্বাভাসও এখন পৃথিবীতে বসেই জানা সম্ভব হচ্ছে। এই রোবট যানটির ভেতর একটি ‘ওয়েদার স্টেশন’ বা আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র বসানো রয়েছে। এ ওয়েদার স্টেশনটি তৈরি করেছে স্পেন। পৃথিবী থেকে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গবেষক ম্যানুয়েল ডে লা টোর কিউরিওসিটির ওয়েদার স্টেশনের তথ্য বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবেন। তাঁর দলে আরও ৩৯ জন গবেষক মঙ্গলের আবহাওয়া বিশ্লেষণে কাজ করছেন। এ তথ্য জানিয়েছে ইউএসএ টুডে।৬ আগস্ট সোমবার বাংলাদেশের বেলা ১১টা ৩২ মিনিটে মঙ্গলের মাটিতে অবতরণ করার পর কিউরিওসিটির তথ্য বিশ্লেষণ করে মঙ্গলের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন নাসার এই গবেষক।ম্যানুয়েল ডে লা টোর মঙ্গলের আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলেছেন- কিউরিওসিটি যে অঞ্চলটিতে অবতরণ করেছে সে অঞ্চলটির গোলাপি আকাশে হালকা মেঘ থাকবে। দিনের বেলা তাপমাত্রা থাকবে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট। কিন্তু রাত্রে তাপমাত্রা কমে মাইনাস ২০০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। শিগগিরই ঝড়ের কোনো আশঙ্কা নেই। আকাশ গোলাপি দেখাবে।টোর আরও জানিয়েছেন, মঙ্গলে শীতকাল প্রায় শেষ হয়ে আসছে। এরপরই শুরু হবে বসন্ত ও গ্রীষ্মকাল। এসময় মঙ্গলে ঘূর্ণিঝড় বইতে পারে। মঙ্গলের ঘূর্ণি পৃথিবীর ঘূর্ণির চেয়ে আলাদা। মঙ্গলের ঘূর্ণিতে টর্নেডোর মত ধুলার চক্র পাক খেতে খেতে ঘুরে বেড়ায়। একে ‘ডাস্ট ডেভিল’ বা ধূলি দানব বলে । এ ধূলিঝড় বড় হতে হতে বিশাল আকারের ধুলার ঘূর্ণির সৃষ্টি করে যা পুরো মঙ্গল জুড়ে চলতে থাকে। কিউরিওসিটির ওয়েদার স্টেশনের সাহায্যে এ ডাস্ট ডেভিলের তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন গবেষক টোর।টোর এ প্রসঙ্গে জানান, এই ডাস্ট ডেভিলগুলো কীভাবে তৈরি হয় এবং কীভাবে শক্তি সংগ্রহ করে সে বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। কিউরিওসিটির বিশেষ মাস্তুল বা মাথার ওপর বসানো অ্যান্টেনা ক্যামেরা ও কেমিক্যাল লেজারের সাহায্যে বাতাসের দিক, গতি, বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা ও ভূপৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করবে। কিউরিওসিটির সঙ্গে বিশেষভাবে যুক্ত রয়েছে বায়ুর চাপমাপার যন্ত্র ও আলট্রাভায়োলেট সেন্সর যা ছয়টি আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য শনাক্ত করতে পারে।টোর জানিয়েছেন, মঙ্গল গ্রহ বসবাসের উপযোগী কিনা বা অতীতে বসবাস উপযোগী ছিল কিনা তা জানতে মঙ্গলের আবহাওয়া বিষয়ক এ তথ্য খুবই গুরুত্বপূর্ণ। অণুজীব বা কোনো ধরনের প্রাণের উদ্ভবের তথ্য জানার জন্য মঙ্গলের আবহাওয়া জানা গুরুত্বপূর্ণ। কিউরিওসিটি আগামী দুই বছর মঙ্গলে অণুজীবের সন্ধান করবে। এ রোবটযানটির আবহাওয়া কেন্দ্রটি প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করবে। পৃথিবীতে এই তথ্য বিশ্লেষণ করবেন ডে লা টোর ও তাঁর ৩৯ জন সহকর্মী। আর তাঁরাই জানাবেন মঙ্গলের আবহাওয়ার পূর্বাভাস। গবেষকেরা বর্তমানে এ রোবট যানটির সফল ‘মস্তিষ্ক প্রতিস্থাপন’ করেছেন অর্থাত্, সফটওয়্যার আপগ্রেড করেছেন। নতুন সফটওয়্যারটি মঙ্গলের মাটিতে এ রোবটযানটিকে কাজের নির্দেশনা দেবে।