মঙ্গলের তেজস্ক্রিয়তা মানুষের সহনীয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে মাত্রার তেজস্ক্রিয়তা বিদ্যমান মঙ্গল গ্রহের তেজস্ক্রিয়তাও তার কাছাকাছি পর্যায়ের। সম্প্রতি মঙ্গল গ্রহের তেজস্ক্রিয় রশ্মি পর্যবেক্ষণ করে কিউরিওসিটি এ ফল পেয়েছে। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের।মঙ্গল গ্রহে মানুষের জন্য সবচে বড় প্রতিবন্ধকতা হবে সেখানকার তেজস্ক্রিয়তায় টিকে থাকার বিষয়টি, অন্তত গবেষকেরা এমন ধারণাই করতেন। তবে, গবেষকেদের চমকে দিয়েছে কিউরিওসিটির সাম্প্রতিক এই গবেষণার ফল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো রোবট মহাকাশযান কিউরিওসিটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মঙ্গল গ্রহে যে তেজস্ক্রিয়তা বিদ্যমান, তা মানুষের জন্য মোটেও হুমকির নয় বরং মানুষের জন্য সহনীয়।নাসার কিউরিওসিটির রেডিয়েশন অ্যাসেসমেন্ট ডিটেক্টর (আরএডি) বিভাগের প্রধান গবেষক ডন হ্যাসলার জানিয়েছেন, আরনল্ড শোয়ার্জনেগার অভিনীত ‘টোটাল রিকল’ চলচ্চিত্রে অভিনেতা মঙ্গল গ্রহে যাওয়ার যে ইচ্ছা পোষণ করেছিলেন আমাদেরও এখন সে সময় এসে গেছে। কিউরিওসিটির সাম্প্রতিক পরীক্ষার ফল দেখাচ্ছে, মঙ্গলে তেজস্ক্রিয়তার মাত্রা মানুষের পক্ষে সহনীয়। মঙ্গলে নভোচারীরা তেজস্ক্রিয়তাজনিত কোনো বাধার মুখে পড়বে না।ডন হ্যাসলার আরও জানিয়েছেন, মঙ্গলের বায়ুমণ্ডল তেজস্ক্রিয়তা প্রতিরোধী ঢাকনা হিসেবে কাজ করে। ফলে মঙ্গলের ভূপৃষ্ঠে তেজস্ক্রিয় রশ্মির বর্ষণের বিষয়টি ওঠানামা করে। বায়ুমণ্ডল হালকা হয়ে গেলে তেজস্ক্রিয়তা বেশি হয়।মঙ্গল গ্রহে তেজস্ক্রিয়তার সাম্প্রতিক এ বিষয়টি ছাড়াও ডাস্ট ডেভিল বা ধূলি দানবের মত বিশাল ঘূর্ণিঝড়ের রহস্য বের করেছে কিউরিওসিটি। চলতি বছরে মঙ্গল গ্রহে অবতরণের পর সেখানকার পাথর বিশ্লেষণ, প্রাচীন নদী-রেখার খোঁজ, মাটি বিশ্লেষণসহ গবেষণাকাজে ব্যবহূত বিভিন্ন তথ্য সংগ্রহ করে চলেছে কিউরিওসিটি। দুই বছর ধরে মঙ্গল গ্রহে অণুজীবরে সন্ধান করবে মঙ্গল যান কিউরিওসিটি।