মঙ্গলের মাটি ছুঁয়েছে ‘কিউরিওসিটি’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে ‘কিউরিওসিটি’ নামের রোবটটি সফলভাবে অবতরণ করেছে।পৃথিবী থেকে ২৬ নভেম্বর যাত্রা শুরু করেছিল কিউরিওসিটি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, তাদের তৈরি বিশালাকায় এ রোবট অভিযাত্রী তার সুদীর্ঘ ৫৭ কোটি কিলোমিটারের অভিযাত্রার শেষে সফলভাবে মঙ্গলের বুকে নামতে পেরেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকদের বরাতে এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, সব আশঙ্কার অবসান ঘটিয়ে সফলভাবে অবতরণ করেছে কিউরিওসিটি। আজ সোমবার বাংলাদেশের সময় ১১ টা ৩২ মিনিটে এ রোবটটি মঙ্গলের মাটিতে অবতরণ করে। কিউরিওসিটি ছবি তুলতেও সক্ষম হয়েছে। নাসার গবেষকেরা কিউরিওসিটির তোলা প্রথম ছবিটি দেখতে পান ১১ টা ৩৪ মিনিটে এবং আনন্দে মেতে ওঠেন। ১১ টা ৪১ মিনিট থেকে ‘টুইট’ করা শুরু করেছে এ রোবট যানটি। এর আগে ১১ টা ২৬ মিনিট থেকে গবেষকেরা তথ্য পেতে শুরু করেন। সাড়ে ১১ টার সময় থেকে তাঁরা কাউন্টডাউন শুরু করেছিলেন।মঙ্গল অভিযানে এ পর্যন্ত পাঠানো বিভিন্ন মহাকাশযানের মধ্যে কিউরিওসিটিই সবচেয়ে বড় এবং অত্যাধুনিক। এটি মঙ্গলের বুকে পাওয়া গভীর গর্তের ভেতরের পাথর নিয়ে পরীক্ষা চালাবে এবং ওই গ্রহে অণুজীবের নিদর্শন আছে কি না, তা অনুসন্ধান করবে। কিউরিওসিটির এ অভিযানে ব্যয় হচ্ছে ২০৫ কোটি মার্কিন ডলার ।