মঙ্গলের লাল মাটিতে কৌতূহলী ‘কৌতূহল’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফল হলো মঙ্গল অভিযাত্রা, সফল হল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীদের প্রচেষ্টা। আজ সোমবার বাংলাদেশ সময় ১১টা ৩২ মিনিটে মঙ্গলের মাটিতে অবতরণ করল নাসার বিশেষ যান কিউরিওসিটি। মঙ্গলের দক্ষিণ গোলার্ধে ইতিমধ্যেই অবতরণ করেছে পরমাণু শক্তিচালিত এ ‘রোবো’ যানটি। মঙ্গল অভিযানে এ পর্যন্ত পাঠানো বিভিন্ন মহাকাশযানের মধ্যে নাসার এই কিউরিওসিটিই সবচেয়ে বড় এবং অত্যাধুনিক। এটি মঙ্গলের বুকে গভীর গর্তের ভেতরের পাথর নিয়ে পরীক্ষা চালাবে, প্রয়োজনে পাথর ভাঙবে এবং ওই গ্রহে অণুজীবের নিদর্শন আছে কি না, তা অনুসন্ধান করবে। লাল রঙের মাটি আর গোলাপি আকাশের মঙ্গল গ্রহকে ঘিরে মানুষের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। বিজ্ঞানীরা ২০২৩ সালের মধ্যেই এ গ্রহটিতে বসতি স্থাপন করতে চান। নাসার গবেষকেরা জানিয়েছেন, একসময় বৈজ্ঞানিক কল্পকাহিনীর গল্পকে বাস্তবের কাছাকাছি আরও একধাপ এগিয়ে নিল কিউরিওসিটি বা কৌতূহলের সফল অবতরণ। কৌতূহলের এ সফল অবতরণের জন্য বিজ্ঞানীদের শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।মঙ্গলে জীবন আছে কি? এ প্রশ্নটির উত্তর পেতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন গবেষকেরা। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, একসময় সেখানে হয়তো পানির অস্তিত্ব ছিল। পানি ও প্রাণের অস্তিত্ব নিয়েও এখনো কিছুটা সংশয় রয়ে গেছে তাঁদের মনে। তাঁদের কৌতূহল মেটাতে আজ থেকেই কাজ শুরু করেছে চাকা লাগানো ছয় পায়ের নভো-রোবট কিউরিওসিটি। পরমাণু শক্তিচালিত রোবো যান কিউরিওসিটি আকারে স্পোর্টস কার বা মোটর গাড়ির মতোই। এটি দৈর্ঘ্যে ১০ ফুট, প্রস্থে ৭ ফুট। মঙ্গলের মাটি ছোঁয়ার আগে কিউরিওসিটিকে ৫৭ কোটি কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। আর মঙ্গলের মাটিতে ৫২ ফুট ব্যাসের সুপারসনিক প্যারাস্যুট ও স্কাই ক্রেন ব্যবহার করে নামাতে হয়েছে এ রোবটটিকে। অবতরণের আগে নাসার সঙ্গে প্রায় ৭ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ‘কৌতূহল’ বা কিউরিওসিটির। এমনটি ঘটতে পারে, গবেষকেরা আগে থেকেই জানতেন। তাঁরা এ সময়টার নাম দেন ‘ভয়ংকর সাত মিনিট’। এ সময় দ্রুতগতিতে ছুটে চলা কিউরিওসিটিকে অবতরণ করাতে অনেক হিসাব-নিকাশই করতে হয়েছে নাসার বিজ্ঞানীদের। ছোট একটি সমস্যাও কিউরিওসিটিকে যোগাযোগ বিচ্ছিন্ন করে আছড়ে ফেলতে পারত লাল মাটির বুকে। এই উদ্বেগের সাত মিনিট নাসার গবেষণাগারে গালে হাত দিয়ে কেটেছে নাসার গবেষক চার্লস বোল্ডেন, অ্যাডাম স্টেল্টজনারদের।‘কৌতূহলের’ মূল কৌতূহল জৈব অণু খোঁজায়। জৈব অণু হলো জীবনের সংগঠক। ১৯৭৬ সাল থেকেই লাল গ্রহটিতে প্রাণের সন্ধান করছেন গবেষকেরা। মঙ্গলের তথ্য সংগ্রহ করতে ২০০৬ সাল থেকে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরছে ‘মার্স রিকোনাইসেন্স অরবিটার’ নামের এক যান। অরবিটারটি থেকে মঙ্গল গ্রহ সম্পর্কে নিয়মিত নানা তথ্য সংগ্রহ করছেন বিজ্ঞানীরা। এ ছাড়া মঙ্গলের মাটি স্পর্শ করেছে ‘স্পিরিট’ আর ‘অপারচুনিটি’ নামের দু-দুটো ‘মার্স রোভার’। ২০০৮ সালে মঙ্গল থেকে ঘুরে এসেছে ‘ফিনিক্স মার্স ল্যান্ডার’। এমনকি সম্প্রতি ‘মার্স ৫০০’ বা ‘মঙ্গল ৫০০’ নামে একটি নমুনা মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন রাশিয়া, ইতালি, ফ্রান্স ও চীনের বিজ্ঞানীরা। ভারত ২০১৩ সাল নাগাদ মঙ্গল মিশনের ঘোষণাও দিয়ে রেখেছে। মঙ্গলে ‘স্পিরিট’ ও ‘অপারচুনিটি’র সাফল্যের ধারাবাহিকতায় ‘কৌতূহল’ সম্পর্কে আরও বেশি আশাবাদী গবেষকেরা। স্পিরিট আর অপারচুনিটি কোনো বস্তু বিশ্লেষণ করতে পারত না। কিন্তু কৌতূহলের অনেক বড় ও শক্তিশালী রোবটিক বাহুর ব্যবহার ও এর ভেতরে পরীক্ষাগারের মতো বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কোনো বস্তু বিশ্লেষণ করে তথ্য পাঠিয়ে দিতে পারবে পৃথিবীতে। পাশাপাশি কৌতূহলের ক্ষমতার উত্স পরমাণু শক্তি হওয়ায় মঙ্গলের শীতে শক্তির অভাবে এটি অকেজো হয়ে পড়ার সম্ভাবনাও কম। এ রোবটটি টুইট করার উপযুক্ত। মঙ্গলে অবতরণ করার পর প্রথম টুইটও করেছে ২০৫ কোটি মার্কিন ডলার খরচ করে তৈরি ‘কৌতূহল’। নাসার গবেষকেরা কিউরিওসিটির অবতরণের পর তোলা প্রথম ছবিটি দেখতে পান ১১টা ৩৪ মিনিটে। এ যানটির একটি চাকা মঙ্গলে মাটি স্পর্শ করছে এমন একটি ছবি নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির মনিটরে ফুটে উঠতেই আনন্দে মেতে ওঠেন গবেষকেরা। ১১টা ৪১ মিনিট থেকে ‘টুইট’ করা শুরু করে রোবট যানটি। এর আগে ১১টা ২৬ মিনিট থেকে গবেষকেরা তথ্য পেতে শুরু করেন। সাড়ে ১১টার সময় থেকে ভয়ংকর সাত মিনিট পার করে মঙ্গলে অবতরণের জন্য পৃথিবী থেকে কাউন্টডাউন শুরু করেছিলেন গবেষকেরা। অবতরণের পর কৌতূহলের সব যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে বলেই নাসা জানিয়েছে। ‘মার্সক্যাম’ নামের একটি ক্যামেরায় এখন ছবি তুলে পাঠাতে শুরু করেছে ‘কৌতূহল’। অবতরণের জন্য মঙ্গলের একটি গিরিখাতকে বেছে নেওয়া হয়েছে, যেখানে অতীতে পানি থাকার অনেক চিহ্ন পাওয়া গেছে বলেই গবেষকেরা মনে করেন। আগামী দুই বছর ‘কিউরিওসিটি’ গিরিখাতের তলা থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠবে। আর চলার পথে অনুসন্ধান করবে ভিনগ্রহের কোনো প্রাণীর অস্তিত্ব বা আদি কোনো প্রাণ। হয়তো যেকোনো সময়ই ঘোষণা আসবে—মঙ্গলে মিলেছে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ। কৌতূহলের সফল অবতরণ মঙ্গল নিয়ে কৌতূহলের মাত্রা আরেকটু বাড়িয়ে দিল বৈকি।