মজার সফটওয়্যার ‘ওয়েভি’
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক সবচেয়ে জনপ্রিয় হলেও এতে বিভিন্ন তথ্য নিজ থেকে আসে না। বন্ধু-বান্ধব বা পরিচিতজনদের তা প্রকাশ (পোস্ট) করতে হয়। এবার আসছে নতুন সফটওয়্যার ‘ওয়েভি’। এটি কাজ করবে ঠিক ফেসবুকের মতই। তবে ওয়েভির মাধ্যমে ব্যবহারকারীদের কাছে শুধু ব্যক্তিগতই নয়, আন্তর্জাতিক অনেক খবরও পৌঁছে যাবে। কম্পিউটার ও আইফোনে ওয়েভি-র সেবা গ্রহণ যাবে। ফেসবুকে স্ট্যাটাস হালনাগাদ করার মত কিছু বিষয়ও এতে রয়েছে। আছে নানা ধরনের প্রশ্ন, উত্তর এবং মন্তব্য। কিন্তু ওয়েভিতে অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা খবর চলে আসবে। আসবে রাজনীতি, খেলাধুলা এবং বিনোদন জগতের খবর। আর এসব খবর সংগ্রহ করা হবে ইন্টারনেট থেকে এবং হালনাগাদও হবে স্বয়ংক্রিয়ভাবে। ওয়েভি প্রতি মিনিটে প্রায় এক হাজার খবর দিতে পারবে। এর মধ্যে কোনটি গুজব তা ওয়েভি নিজ থেকেই জানিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গেই তা সরিয়ে নেবে। অনেকেই মনে করছেন, কিছুদিনের মধ্যেই ওয়েভি ফেসবুকের এক শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবে। শুধু তাই নয়, ফেসবুককে কিনেও নিতে পারে নতুন এই সফটওয়্যারটি। ওয়েভির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাড্রিয়ান আউন বলেন, ‘ফেসবুকের সব খবর বন্ধু-বান্ধবকে ঘিরে হলেও ওয়েভির কাজ হবে বিশ্বের নানা জায়গার খবর পৌঁছে দেওয়া।’—বিবিসি নিউজ, সিনেট অবলম্বনে প্রদীপ সাহা