
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তি নিয়েই পড়শোনা আর গবেষণায় ব্যস্ত থাকেন—এমন ধারণার ব্যতিক্রমও কিন্তু আছে। এ ব্যতিক্রমের তালিকায় আছেন মালিহা মমতাজ ইসলাম। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। তাঁর ব্যতিক্রমটা হলো, সিএসইতে পড়াশোনার পাশাপাশি পেইন্টিংও করেন তিনি! আর্টিস্ট হিসেবে কাজ করাটা মালিহার শখের মধ্যে অন্যতম। নিজের চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলেন নানা চিত্র। এর পাশাপাশি মালিহা যে কাজে ইতিমধ্যে বেশ ভালোভাবে জড়িয়ে আছেন সেটি হচ্ছে মজিলা ফায়ারফক্স। জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স নির্মাতাপ্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশনের নানা ধরনের কাজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও হয়। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে মজিলার স্বেচ্ছাসেবকেরা (মজিলিয়ান) মুক্ত ওয়েবের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন সবার মাঝে। আমরা যে বাংলায় ফায়ারফক্স দেখি কিংবা ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে বাংলা দেখব, তার কাজও করেন মজিলিয়ানরা।
কাজের ধারাবাহিকতায় মালিহা সম্প্রতি মজিলা বাংলাদেশের ১১তম প্রতিনিধি (মজিলা রেপস) হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণত যাঁরা দীর্ঘদিন ধরে মজিলার নানা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন, অনুষ্ঠানের আয়োজন, নেতৃত্ব দেন তাঁরাই মজিলা রেপস হিসেবে নির্বাচিত হতে পারেন। চুয়েটে মালিহার হাত ধরেই ফায়ারফক্স ক্লাবের শুরু হয় এবং তিনি ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন। এ ক্লাবের প্রধান হিসেবে ক্যাম্পাসে অ্যাপস তৈরি কর্মশালাসহ নানা আয়োজন করে যাচ্ছেন তিনি। মেয়েদের নিয়ে কাজ করার ব্যাপারেও বেশ আগ্রহী তিনি। মজিলার নারীদের নিয়ে রয়েছে উইমেন অ্যান্ড মজিলা (ডব্লিউওএমওজেড) কার্যক্রম। মালিহা বাংলাদেশের এ কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে নিজের ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজন করে যাচ্ছেন। তিনি মনে করেন, ‘ওপেন সোর্সে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন। আর সেটি করতে নিজের ক্যাম্পাসে জুনিয়র মেয়েদের নিয়েও নানা কাজ করে যাচ্ছি।’
এ তো গেল ক্যাম্পাসের আয়োজনের খবর। ডব্লিউওএমওজেড টেক ফেস্ট নামের বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছেন মালিহা। পাশাপাশি নারীদের নিয়ে জাতীয়ভাবে অ্যাপাথন নামের আয়োজন করার ইচ্ছার কথা বললেন তিনি। তাঁর মতে, সবার সম্মিলিত প্রচেষ্টা, আগ্রহ আর ইচ্ছাশক্তি একসঙ্গে হলে দারুণ কিছু করা সম্ভব। ভবিষ্যতে গ্রাফিক্স অ্যানিমেশনকেই পেশা হিসেবে নিতে চান মালিহা। কাজ করে যেতে চান দেশের জন্য। বিশেষ করে নারীদের জন্য।