
অলাভজনক তথ্যপ্রযুক্তি সংস্থা মজিলা ফাউন্ডেশনের জনপ্রিয় নানা পণ্যের মধ্যে আছে মজিলা ফায়ারফক্স নামের ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার)। এ ছাড়া রয়েছে ই-মেইল সেবা থান্ডারবার্ড। এই মজিলা ফাউন্ডেশনের বর্তমান চেয়ারপারসন একজন নারী—মিচেল বেকার।
মুক্ত সফটওয়্যার নিয়ে কাজ করা মজিলা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ২০০৩ সালের ১৫ জুলাই। চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার আগে ২০০৫ সালে মিচেল মজিলা ফাউন্ডেশনের আরেকটি সহ-প্রতিষ্ঠান মজিলা করপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। পেশায় আইনজীবী মিচেল ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও কাজ করছেন।
১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন মিচেল। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ১৯৭৯ সালে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল থেকে পরবর্তী সময়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর পরই তিনি করপোরেট এবং মেধাস্বত্ব বিষয়ে ফেনউইচ অ্যান্ড ওয়েস্ট নামের একটি আইন প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিষ্ঠানটি মূলত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের আইনি সহায়তার ক্ষেত্রে কাজ করে। মজিলা ফাউন্ডেশনের আগে তিনি সান মাইক্রোসিস্টেমসেও আইন বিষয়ে কাজ করেন। ২০০৮ সাল থেকে মজিলা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
ববকাট চুলের জন্য বেশ আলোচিত মিচেলের স্বামীর নাম ক্যাসি ডান। এ দম্পতির এক সন্তান।
কাজের স্বীকৃতি হিসেবে মিচেল ২০০৫ সালে বিশ্বখ্যাত সাময়িকী টাইম-এর সেরা ১০০ প্রভাবশালী নারীর একজন হয়েছিলেন। এ ছাড়া একই বছরের ১০০ সেরা বিজ্ঞানী ও চিন্তাবিদের তালিকায়ও নিজের নাম যুক্ত করেছিলেন। ২০০৯ সালে পেয়েছেন অনিতা বোর্গ ইনস্টিটিউট ওমেন অব ভিশন পুরস্কার এবং ২০১২ সালে ইন্টারনেট সোসাইটির ইন্টারনেট হল অব ফেমে স্থান পেয়েছেন।
অতিসম্প্রতি মিচেল খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে মজিলার বিভিন্ন বিষয় সম্পর্কেআগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন চ্যাটিংয়ের মাধ্যমে। সর্বোচ্চ পদে থেকে আগ্রহী ব্যক্তিদের প্রশ্নের উত্তর সরাসরি দেওয়ার ঘটনা বিরল। আর এতে বেশ খুশি মজিলা ব্যবহারকারীরা।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: মজিলা ডট অর্গ, উইকিপিডিয়া