মজিলা বাংলাদেশের নতুন প্রতিনিধি মালিহা

মজিলা ফাউন্ডেশন বাংলাদেশের নতুন নারী প্রতিনিধি (মজিলা রেপস) নির্বাচিত হয়েছেন মালিহা মমতাজ ইসলাম। তিনি মজিলা বাংলাদেশের ১১তম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন। ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার ফায়ারফক্সের নির্মাতা প্রতিষ্ঠান হলো মজিলা ফাউন্ডেশন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে মজিলা প্রতিনিধি হিসেবে মালিহার নাম ঘোষণা করা হয়।
মজিলা বাংলাদেশের সঙ্গে গত বছরের অক্টোবর থেকে সক্রিয়ভাবে কাজ করছেন মালিহা।তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফায়ারফক্স ক্লাবের প্রধান এবং ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।
মজিলা প্রতিনিধি হওয়ার পর প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার নিজের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মজিলার কার্যক্রমগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নানাভাবে যুক্ত করার ব্যাপারেও কাজ করছি।’
প্রযুক্তির পাশাপাশি মালিহা নিয়মিত ছবিও আঁকেন। চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় মালিহা মজিলা বাংলাদেশের নানা ধরনের কার্যক্রমকে আরও সক্রিয় করার পাশাপাশি ওমেন অ্যান্ড মজিলা কার্যক্রমকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করতে আগ্রহী।
মালিহার বাবা মো. মইনুল ইসলাম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং মা মমতাজ ইসলাম গৃহিণী। —নুরুন্নবী চৌধুরী