মজিলার কার্যক্রম সম্প্রসারনের উদ্যোগ

দেশে মজিলার কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মজিলা ফাউন্ডেশনের বাংলাদেশ শাখা।সম্প্রতি মজিলা বাংলাদেশের বিশেষ টাস্কফোর্সের এক সভায় এই উদ্যোগ বিষয়ে আলোচনা হয়।
গত শনিবার ঢাকার একটি হোটেলে নির্বাচিত টাস্কফোর্স সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ২০১৪ সালের পরিকল্পনা বিষয়ে আলোচনা করে মজিলা ফাউন্ডেশন বাংলাদেশ।
মজিলা বাংলাদেশের কর্মকাণ্ড আরো সুসংহত করতে ও লাখো মজিলা স্বেচ্ছাসেবক (মজিলিয়ান) গড়ার লক্ষ্যে এই টাস্কফোর্স কাজ করবে।এ টাস্কফোর্সের নেতৃত্বে চলতি বছরে নানা কার্যক্রম পরিচালিত হবে।পাশাপাশি ‘নো মোর, ডু মোর অ্যান্ড ডু বেটার’স্লোগানে কাজ করবে মোজিলিয়ানরা।
টাস্কফোর্সের প্রথম সভায় মজিলা বাংলাদেশের কমিউনিটি লিড মাহে আলম খান জানান, ‘বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক আর বাংলাদেশে মজিলার কার্যক্রম বেড়ে যাওয়ায় এ টাস্কফোর্স দল নির্বাচিত করা হয়েছে।আর আমরা এ বছরের পরিকল্পনার বিষয়গুলো চূড়ান্ত করতেই এ সভার আয়োজন করেছি।’
সভায় টাস্কফোর্সের কমিউনিটি এনগেজমেন্ট, লোকালাইজেশন, মজিলা ডেভলপার নেটওয়ার্ক লোকালাইজেশন, মার্কেটিং, অ্যাপস ডেভলপমেন্ট, ওয়েবমেকার, স্টুডেন্ট অ্যাম্বাসেডর, পাবলিক রিলেশন ও যোগাযোগ বিভাগের সদস্যরা চলতি বছরে নিজেদের পরিকল্পনার বিষয়গুলো ব্যাখ্যা এবং চূড়ান্ত করেন।
নতুন টাস্কফোর্স দেশব্যাপী মজিলা বাংলাদেশের কার্যক্রম বাড়াতে এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে মজিলার নানা উদ্যোগগুলো ছড়িয়ে দিতে কাজ করবে।বিস্তারিত জানা যাবে www.mozillabd.org/blog ঠিকানায়।