মজিলার সম্মেলনে আমরা ১১ জন

প্রায় বেশ কয়েক বছর পরপর মজিলা ফাউন্ডেশন আয়োজন করে সম্মেলনের।৪ থেকে ৬ অক্টোবরে বড় আকারে তিনটি দেশের তিনটি শহরে হয়ে গেল ‘মজিলা সামিট’। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারায় একই সময়ে প্রায় দুই হাজার মজিলিয়ান (মজিলার স্বেচ্ছাসেবক) একত্র হয়েছিলেন। সান্তা ক্লারাতে উপস্থিত হয়ে, আমিও দারুণ এক অভিজ্ঞতা লাভের সুযোগ পেলাম।
বর্তমান তথ্যপ্রযুক্তির প্রাণ, ওয়েবকে মুক্ত রাখতে যেসব চমৎকার মানুষ কাজ করে চলেছেন, তাঁদের সঙ্গে যুক্ত হতে পেরে উজ্জীবিত ও উৎসাহিত মজিলিয়ানরা। পৃথিবীর বিভিন্ন প্রান্তের যেসব মানুষ বেতনে-বিনা বেতনে কাজ করে চলেছেন, মুক্ত সফওয়্যার তৈরি করছেন, উন্মুক্ত তথ্যভান্ডার তৈরি করছেন, মুক্ত সংস্কৃতি সৃজনে নিয়োজিত রয়েছেন, তাঁদের একজন হতে পেরে গর্বিত হয়েছেন প্রত্যেক অংশগ্রহণকারী। ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নির্মাতা মজিলার এ সম্মেলনে বাংলাদেশ থেকে আমরা ১১ জন মজিলিয়ান অংশ নেই। অন্যরা হলেন রাহিদ হাসান, রবিন মেহেদি, আশিকুর রহমান, আমিনুল ইসলাম, রিফাজ নাহিয়ান, জোবায়ের আহমেদ খান, মাশকাওয়াত আহসান, শাহরিন হোসেন, আশকারি রহমান ও শাফিউল আজম।
ঢাকা থেকে রওনা হয়ে দুবাই বিমানবন্দরে পৌঁছেই পাওয়া গেল মজিলা সম্মেলনের আঁচ। সেখানে এশিয়ার বিভিন্ন দেশ থেকে জমায়েত হচ্ছেন আরও অনেক মজিলিয়ান। সবার গায়ে ‘মজিলিয়ান গোয়িং টু সামিট’ লেখা টি-শার্ট। আমরাও তৈরি করে নিয়েছিলাম সেই টি-শার্ট । দুবাই বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানের প্রায় এক কেবিন দখল করে ফেলেছেন, এশিয়ার মজিলিয়ানরা! ১৫ ঘণ্টার আকাশযাত্রা শেষে সানফ্রান্সিসকো বিমানবন্দরে অবতরণের পর, আমাদের জন্যে অপেক্ষা করছিল একদল অভ্যর্থনাকারী। তারা আমাদের শাটল বাসে করে নিয়ে যাবে সান্টা ক্লারা শহরের পাঁচ তারকা হোটেল ম্যারিয়টে। হোটেলে ঘরে প্রবেশের স্মার্টকার্ড, সামিট কিট নিয়ে, আমার রুমমেট রবিন মেহদিসহ চলে গেলাম আমাদের কক্ষে। সামিট কিট খুলে দেখলাম সেখানে রয়েছে, রিকশা ব্যাগ, তিন দিনের জন্য তিন রকম টি-শার্ট, পানির বোতলএবং এতে মেলানোর জন্য তিন রঙের এনার্জি পাউডার, কলম, স্টিকার ও নামের ব্যাজ। একটু পর হোটেলের নিচে নেমে গেলাম মজিলা লাউঞ্জে। এটি আসলে হোটেলের লাউঞ্জ, মজিলা নামকরণ করা হয়েছে তিন দিনের জন্য। ২৪ ঘণ্টা খোলা এবং খানাপিনা অঢেল।
সম্মেলনে...
৪ অক্টোবর সম্মেলনের প্রথম দিন হোটেল বলরুমে হলো উদ্বোধনী অনুষ্ঠান। ব্রাসেলস থেকে ভিডিও বার্তায় মজিলা ফাউন্ডেশনের চেয়ারপারসন মিচেল বেকার উদ্বোধনী বক্তৃতা দিলেন। আগের বছরগুলোতে মজিলার সাফল্য-ব্যর্থতা, গবেষণা-উদ্ভাবন, পরিকল্পনা-ব্যবস্থাপনা, আয়-ব্যয়, সবার অবদান প্রায় সবকিছু নিয়ে কথা বললেন। আর ধন্যবাদ জানালেন পৃথিবীর সবাইকে, যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন। তিনি ব্রাসেলস থেকে বক্তৃতা করছিলেন, সান্তা ক্লারা ও টরন্টোর জন্য। আর এটাকেই দেখালেন মুক্ত ওয়েবের উদাহরণ হিসেবে।বললেন, ‘ইন্টারনেট ব্যবহার করে সবার অধিকার রয়েছে তার আশপাশের বিষয়ে জানার, সবার অধিকার রয়েছে শেখার,।’
মিচেল বেকার বক্তৃতায় বলেছিলেন, ‘আরও জানুন, আরও করুন, ভালো করুন।’ আর এই তিন বিষয় ছিল মজিলা সামিট ২০১৩-এর মন্ত্র।
মজিলা মানুষের কথা বলে, মানুষের জীবনের কথা বলে, জীবনের মানোয়ন্নয়ের কথা বলে। আগামী ১০ বছরে মজিলা এবং ওয়েব কোথায় যেতে পারে, সেটি এ সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রথম দিনে উদ্বোধন শেষে শুরু হয় মেলা। এখানে সব দেশের প্রতিনিধিত্ব করার জন্যে বুথ ছিল। আমরা দুটি বুথ নিলাম—একটিতে আমাদের দেশ, দেশের মানুষ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন গণ-আন্দোলন, জাতীয় সাফল্য ইত্যাদি তুলে ধরলাম।অন্যটিতে তুলে ধরা হলো মজিলা বাংলাদেশের বিভিন্ন তথ্য ও কারিগরি দিক।
পরের দিন ছিল ‘ব্রেকআউট’ অধিবেশন। এর মানে হলো বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে, মজিলার বিভিন্ন উপপ্রকল্প, ওয়েবের বিভিন্ন বিষয়ের ওপর বিষয়ভিত্তিক আলোচনা, পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া। দিনব্যাপী হোটেলের বিভিন্ন সভাকক্ষ ও বলরুমে মজিলা কর্মীরা ব্রেকআউট অধিবেশনগুলো পরিচালনা করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ২০১৪ সালে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডের জন্যে ফায়ারফক্স, গেকোতে প্রাফিকস, ওপেন প্র্যাকটিস, মোবাইল ফোনে নিজের ভাষা, দশ লাখ মজিলিয়ান কী করবেন, থ্রিডি গেম ল্যাব, ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসাডর ইত্যাদি বিষয়। সবচেয়ে মজার আয়োজন ছিল উদ্ভাবন মেলা।এতে মজিলা ল্যাবের চলতি গবেষণা যা সম্পূর্ণ পণ্য হিসেব শিগগিরই প্রকাশ পাবে এমন সব বিষয়।
রাতে ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত নেটস্কেপ থেকে মজিলার রূপান্তরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছিল। দ্বিতীয় দিনে আমরা একটা হ্যাকিংসেশন করেছিলাম, মজিলা বাংলাদেশের জন্য। আমরা দুপুরে খাওয়ার সময়টা খেতে খেতে হ্যাকিং লাউঞ্জে বসে, ফায়ারফক্স ওএস বাংলা অনুবাদের সমস্যাগুলো চিহ্নিত করতে থাকে। এতে অনলাইনে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আরও ২০ জনের মতো মজিলিয়ান।
শেষ দিনেও ছির ব্রেকআউট অধিবেশন। আর ছিল সবাই একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে কী উপায়ে কাজ করতে পারে তার দিকনির্দেশনা। ছিল ‘সাপোর্ট সেশন’—মজিলার অসংখ্য প্রকল্পে কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, তা মজিলার কর্মীরা শুনে বিভিন্ন সমাধান দেওয়ার চেষ্টা করেছেন।
আমরা স্থানীয়করণ (লোকালাইজেশন) নিয়ে কথা বলেছি, এ প্রকল্পের প্রধান পাইকের সঙ্গে। আমাদের নিয়ে যাওয়া হয়, সিলিকন ভ্যালিতে মজিলার সদর দপ্তরে। আমরা গুগল, ফেসবুক, ম্যাকআফি, সিসকো ইত্যাদি প্রতিষ্ঠানের সামনে দিয়ে, হাজির হই মজিলার অফিসে। সে আরেক অভিজ্ঞতা। অবাক হয়ে দেখি, মজিলা চেয়ারপারসন সবার সঙ্গে মিলেমিশেসাধারণ চেয়ার-টেবিলে বসে কাজ করেন। আমরা তার টেবিলে স্টিকি নোটে শুভেচ্ছা বার্তা লিখে রেখে আসি।
সবশেষে আয়োজিত হয় সমাপনী পর্ব।প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্টের জনক ও মজিলার প্রধান কারিগরি কর্মকর্তা ব্রান্ডন আইচ ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন। সমাপনী অনুষ্ঠানে মজিলা মনুমেন্টের কথা সবাইকে জানানো হয়। এটি হলো সানফ্রান্সিসকো মজিলা স্পেসের (মজিলিয়ানদের আড্ডাস্থল) সামনে একটি কালো মার্বেল পাথরের স্তম্ভ। যাঁরা মজিলার বিভিন্ন কাজে শ্রম ও মেধা দিচ্ছেন, তাঁদের সবার নাম এতে লেখা হবে। নির্মীয়মাণ ওই স্তম্ভের বর্তমান ছবি দেখানো হয়, হাজারো নামের মধ্যে আমরা বাংলাদেশের কলেজছাত্র অনিরুদ্ধ অধিকারীর নাম দেখতে পাই। আর অনুভব করি বিভিন্ন দেশের মতো মজিলা বাংলাদেশও সমান তালে এগিয়ে যাচ্ছে।
লেখক: কমিউনিটি লিড, মজিলা বাংলাদেশ