মটরশুঁটি বোয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমার একসময় ধারণা ছিল, সেহ্রি মানে আলাদা ধরনের কোনো খাবারের আইটেম। ভোররাতে সবাই উঠে একই রকম খাবার খায় বলে নাম রাখা হয়েছে সেহ্রি। ছোটবেলায় আমরা যে এলাকায় থাকতাম, সেখানে মসজিদ থেকে সাইরেন বাজাত। আমি ধরেই নিয়েছিলাম কেউ একজন সেহ্রি সবার বাসায় বাসায় দিয়ে যায়। এটা সেহ্রির কলবেল! একদিন ব্যাপক কান্নাকাটি জুড়ে দিলাম সেহ্রি খাব বলে। বাধ্য হয়ে আমাকেও সেহ্রি খাওয়াতে বসানো হলো। খেতে বসে আমি হতাশ। এর নাম সেহ্রি? কই, সেই একই রকম ভাত-ডাল-তরকারিই তো! কয়েক দিন টানা খাওয়ার পর আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম সেহ্রি মানে বোয়াল মাছ দিয়ে মটরশুঁটি রান্না। আমার ছোটবেলায় রোজা পড়ত শীতকালে। আমরা দুই ভাইবোন এই একটা মাছই খেতাম। তার ওপর রান্নাটাও বেশ সহজ বলে মা যে রোজই এই খাবার চালিয়ে দিতেন, সেটা আমি ধরতেই পারিনি।
ঘটনা বুঝতে পারলাম ঈদে দাদুবাড়িতে যাওয়ার পর। আমরা বিলপারের মানুষ। আড়িয়ল বিলের একেবারে গা ঘেঁষে আমাদের বাড়ি। ঘরের পাশেই সরষেখেত। মাঝরাতে ঘরের দরজা খুললে ঠান্ডা বাতাসে কাঁপুনি ধরানোর পাশাপাশি একটা সুন্দর গন্ধ নাকে এসে ধাক্কা দেয়। ঘ্রাণটা সরষে ফুলের। এমনকি লাউপাতা, কুমড়াপাতারও যে একটা নিজস্ব ঘ্রাণ আছে, সেটা নবাবগঞ্জ-মুন্সিগঞ্জের লোক ভালো করেই জানে। তো, রাতে খেতে বসে দেখি, বাকি সব মোটামুটি ঠিক আছে। শুধু মটরশুঁটি-বোয়ালের সেই খাবারটা নেই। উল্টো লাউপাতা দিয়ে কই মাছ টাইপের একটা তরকারি বড়রা খুব প্রশংসা করতে করতে খাচ্ছেন। একে তো শীতে ঠকঠক করে কাঁপছি, তার ওপর সেহ্রি নেই। আমার রীতিমতো কান্না পেতে শুরু করল।
ভোরের দিকে সবাই যখন ঘুমাতে যাবে, তখন আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছি এই জন্য যে আজ দাদু আমাদের সেহ্রি খেতে দেননি। অনেক দিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে লোকটা কলবেল বাজিয়ে সেহ্রি দিয়ে যেত, তাকে ঠিকানা দিলে সে হয়তো এখানেও বোয়াল মাছ আর মটরশুঁটি পৌঁছে দিত। কেন কাঁদছি, এ ধরনের প্রশ্নে বাবাকে ঘটনা বুঝিয়ে বলতে তিনি প্রথমে একচোট হেসে নিলেন। এরপর মাকে ডাকলেন। মা ভাই আর ছোট মামাকে ডাকলেন। একে একে বাড়ির সবাই এল। হাসির রোল উঠে গেল।
দিলরুবা শারমিন
পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়