মটোরোলা বিক্রি করে দিচ্ছে গুগল
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের মালিকানাধীন মটোরোলা বিক্রি করে দেওয়া হচ্ছে। ২০১২ সালে টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলাকে ২৫০ কোটি ডলারে কিনে নেয় গুগল। আর এবার মটোরোলাকে কিনে নিচ্ছে চীনের কম্পিউটার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। সব মিলিয়ে মটোরোলা কিনতে লেনোভোর খরচ করতে হচ্ছে প্রায় ২৯০ কোটি ডলার।
মোবাইল ফোন নির্মাতা হিসেবে মটোরোলা ভালোভাবে এগোতে পারছিল না। বিক্রির বিষয়ে গুগল জানিয়েছে, বর্তমানে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে মটোরোলাকে ভালোভাবে পরিচালনা করতে পারবে লেনোভো। সে জন্যই এমন সিদ্ধান্ত। সব ঠিক থাকলে মটোরোলা কেনার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করবে লেনোভো। স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে স্যামসাং আর দ্বিতীয় স্থানে অ্যাপল।
মূলত সাধারণ ব্যবহারকারীদের প্রতিদিনের কাজে লাগে—এমন পণ্যের ব্যবসায় কাজে লাগাতেই মটোরোলা কিনেছিল গুগল। তবে বছর ঘুরতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বিক্রির ব্যাপারে উদ্যোগ নেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। অন্যদিকে লেনোভোর মটোরোলা কেনার আগ্রহ আর স্মার্টফোন ব্যবসায় আরও বেশি মনোযোগী হওয়ার বিষয়টি নিয়েও চলছে নানা আলোচনা।
বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, ২০১৩ সালের শীর্ষ ১০ স্মার্টফোন বিক্রেতার মধ্যে পঞ্চম স্থানে ছিল লেনোভো। এবার মটোরোলাকে সঙ্গে নিয়ে শীর্ষ এই তালিকায় জায়গা করে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে লেনোভো।
—বিবিসি অবলম্বনে কাজী আলম