মটোরোলাকে কিনে নিচ্ছে গুগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল মটোরোলাকে কিনে নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। অতি সম্প্রতি মটোরোলার মবিলিটি কেনার ব্যাপারে চীন সরকারের নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছে গুগল। খুব শিগগির বিশ্বের অন্যতম মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান মটোরোলার মবিলিটি মালিকানা এক হাজার ২৫০ কোটি ডলারে কিনে নেবে গুগল। পাশাপাশি প্রতিষ্ঠানটির ১৭ হাজার পেটেন্টও গুগলের হয়ে যাবে। তবে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বড় শর্ত দিয়েছে চীন সরকার। তাদের শর্ত অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য চীনের তৈরি সব ধরনের মোবাইল ফোনে গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে বিনা মূল্যে শর্তহীনভাবে ব্যবহারের সুযোগ দিতে হবে। এ সুবিধা স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটের ক্ষেত্রে দিতে হবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে। বর্তমানে গুগল স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বিনা মূল্যেই ব্যবহারের সুযোগ দিচ্ছে, যা অদূর ভবিষ্যতে নির্দিষ্ট খরচের বিনিময়ে ব্যবহার করতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত যেসব বিনিময় চুক্তি করেছে গুগল, তার মধ্যে এ চুক্তিই হবে অন্যতম। গুগলের একজন মুখপাত্র জানান, চীন সরকার মটোরোলার মবিলিটি স্বত্ব বিক্রির নীতিগত অনুমোদন দিয়েছেন। আশা করছি, খুব দ্রুত বাকি কাজগুলো সম্পন্ন হবে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম