মটোরোলার মোবিলিটি কিনেছে গুগল
যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগের প্রতিষ্ঠান মটোরোলার মোবিলিটি অংশ কিনে নিয়েছে গুগল। গতকাল সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এক হাজার ২৫০ কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ একটি চুক্তি হয়। ফলে, শুক্রবার দিন শেষে মটোরোলা মোবিলিটির প্রতিটি শেয়ার ৪০ ডলারের বিনিময়ে কিনে নেয় গুগল। একই সঙ্গে মটোরোলা একটি অ্যান্ড্রয়েড লাইসেন্স পাবে এবং গুগল তাদের মূল ব্যবসার পাশাপাশি মোবিলিটি অংশ পরিচালনা করবে।গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ বলেন, ‘একসঙ্গে কাজ করে আমরা সামগ্রিকভাবে অ্যান্ড্রয়েডের (মোবাইল ফোনসেট ও অন্যান্য বহনযোগ্য যন্ত্রের জন্য গুগলের তৈরি অপারেটিং সিস্টেম) অগ্রগতি ত্বরান্বিত করব। আমরা বিশ্বাস করি, এর ফলে আমাদের গ্রাহক, সহযোগী ও প্রোগ্রামাররা বিশেষভাবে উপকৃত হবে। আমি মটোরোলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমাদের এই গুগল পরিবারে স্বাগত জানাচ্ছি।’মটোরোলা মোবিলিটির নির্বাহী প্রধান সঞ্জয় ঝা বলেন, ‘মূলত অ্যান্ড্রয়েডকে এগিয়ে নিতেই আমরা গুগলের সঙ্গে চুক্তি করছি। আমরা আশা করছি, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা গ্রাহকদের নতুন ধরনের সেবা, মোবাইল যন্ত্রাংশ এবং ব্যবসার সুযোগ করে দিতে সমর্থ হব।’গুগল মোবাইলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি রুবিন বলেন, ‘আমাদের এই সমন্বয়ের ফলে আমরা অ্যান্ড্রয়েডকে নতুন একটি স্তরে নিয়ে যেতে পারব বলে আশা করছি। এই চুক্তির ফলে অ্যান্ড্রয়েডের বিষয়ে গুগল তার লক্ষ্য থেকে সরে আসবে না।’ উল্লেখ্য, মটোরোলা বর্তমানে স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো বিভিন্ন ধরনের বহনযোগ্য যন্ত্র উ ৎ পাদন করে থাকে। —এএফপি অবলম্বনে নাসির খান