মটোরোলার স্মার্টওয়াচ মটো ৩৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মটো ৩৬০
মটো ৩৬০

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টওয়াচ ‘মটো ৩৬০’ বাজারে আনছে মটোরোলা। পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজার ধরতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

১৮ মার্চ এক ব্লগ পোস্টে মটোরোলা জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যারের হার্ডওয়্যার পার্টনার হিসেবে কাজ করবে তারা। প্রসঙ্গত, পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য ‘অ্যান্ড্রয়েড অয়্যার’ নামে একটি বিশেষায়িত অপারেটিং সিস্টেম উন্মুক্ত করছে গুগল। এর আগে ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টওয়াচ তৈরির ঘোষণাও দিয়েছে গুগল।

মটোরোলা জানিয়েছে, দামি অবকাঠামোতে তৈরি গোলাকার মটো ৩৬০ হাতঘড়ি এ বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। পরবর্তীতে অন্যান্য দেশেও এটি উন্মুক্ত করা হবে। এই স্মার্টওয়াচের দাম এখনও প্রকাশ করেনি মটোরোলা কর্তৃপক্ষ।

মটোরোলা জানিয়েছে, প্রায় ১০০ বছর আগে ফ্যাশন পণ্য হিসেব হাতঘড়ির যুগ শুরু হয়েছিল। এরপর অনেক পরিবর্তন এসেছে হাতঘড়িতে। আমাদের লক্ষ্য হচ্ছে হাতঘড়ির শত বছরের ইতিহাস উদযাপন এবং ভবিষ্যত্ স্মার্টওয়াচের পথ প্রসারিত করা।

মটো ৩৬০ স্মার্টওয়াচের মাধ্যমে প্রচলিত হাতঘড়ির মতো সময় দেখা ছাড়াও ইমেইল, ফোন কল প্রভৃতি কাজ করা যাবে।

প্রসঙ্গত, এর আগে গতকাল ‘অ্যান্ড্রয়েড অয়্যার’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড অয়্যার সফটওয়্যারের সাহায্যে হার্ডওয়্যার নির্মাতা, চিপনির্মাতা ও অ্যাপারেল গ্রুপকে একসূত্রে বাঁধার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মটোরোলা ছাড়াও গুগলের অ্যান্ড্রয়েড অয়্যার ব্যবহার করে এইচটিসি, স্যামসাং ও এলজি স্মার্টওয়াচ বাজারে ছাড়তে পারে বলে গুগলের ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে।