মটোরোলার ‘ক্ষীণকায়’ স্মার্টফোন
মটোরোলার মোবাইল ইউনিট মটোরোলা মোবিলিটি তাদের একদা জনপ্রিয় মডেল রেজরের হাত ধরে হারানো বাজার ফিরে পাওয়ার পরিকল্পনা করেছে। সেই লক্ষ্যে তারা বাজারে ছেড়েছে পৃথিবীর ক্ষীণতম স্মার্টফোন ড্রয়েড রেজর।কিছুদিন আগে গুগল ইনকরপোরেশন প্রায় ১২ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিনিময়ে মটোরোলা মোবিলিটি কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এই ড্রয়েড রেজর দিয়ে অ্যাপলের আইফোনের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা তৈরির প্রস্তুতি নিচ্ছে।জানা গেছে, এই ড্রয়েড রেজরের প্রাক-বিক্রি ২৭ অক্টোবর শুরু হলেও এটি সাধারণ বাজারে কিনতে পাওয়া যাবে নভেম্বরের যেকোনো একটি সময় থেকে।সূত্র জানিয়েছে, এই ড্রয়েড রেজরে নাকি আইফোনের চেয়েও শক্তিশালী মাইক্রোপ্রসেসর সন্নিবেশিত হয়েছে। ওয়্যারলেস ওয়েবস্পিডে এটি আইফোনের চেয়েও এগিয়ে থাকবে। দামের দিক দিয়েও এটি ক্রেতাসাধারণের আকর্ষণের বিষয়ে পরিণত হতে পারে। মাত্র ২৯৯ ডলারেই আইফোনের চেয়েও বেশি সুবিধা নাকি এতে পাওয়া যাবে।২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত মটোরোলার রেজর মডেল বিশ্বময় বিপুল জনপ্রিয় ছিল। ২০০৭ সালে আইফোন ও পাশাপাশি শক্তিশালী কিছু স্মার্টফোন বাজারে আসার পর থেকে এটি বাজার হারাতে থাকে। এরপর মটোরোলা রেজর মডেলের আর কোনো সংস্করণ বাজারে না ছেড়ে ব্যবসা পুনর্গঠনের দিকে জোর দেয়।এদিকে বাজার বিশ্লেষকেরা মনে করেন, রেজরের আগের সংস্করণগুলো যে ধরনের জনপ্রিয়তা পেয়েছিল, সেই তুলনায় এই ড্রয়েড রেজর পিছিয়েই থাকবে। কারণ, এ মুহূর্তে পৃথিবী মেতে আছে আইফোন নিয়ে। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিশ্বময় রেজর বিক্রি হয়েছিল প্রায় এক কোটি ৩০ লাখ ইউনিট।তবে মটোরোলার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ড্রয়েড রেজরের সফলতা নিয়ে আশাবাদী। অতীতে রেজরের বিভিন্ন সংস্করণের সাফল্যের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘রেজরের কথা এখনো ক্রেতারা ভুলে যায়নি।’ রয়টার্স।